
ঢাকার গুলশানের নিকেতন এলাকা। বেলা তিনটা। টয়োটা অ্যালিয়েন গাড়ির চালকের আসনে নাসির হোসেন। বাংলাদেশের ক্রিকেটে যাঁর নামের আগে যুক্ত হচ্ছে ‘জনাব নির্ভরযোগ্য’ বিশেষণ। নিকেতন টু গুলশান ১-এর সংক্ষিপ্ত এক যাত্রায় চালক হিসেবেও নাসিরকে আমাদের নির্ভরযোগ্য মনে হলো।
গাড়ির ড্যাশবোর্ডে অনেকগুলো গানের সিডি। অধিকাংশই ‘নাসিরস কালেকশন’, মানে তাঁর বাছাই করা প্রিয় সব গানের সংকলন। নিজেই সব রাইট করেছেন। গাড়ি চলতে শুরু করার পর পরই চালিয়ে দিলেন একটা গান। গানটা কেবল জমে উঠেছে, ফট করে নতুন আরেকটা গানে চলে গেলেন নাসির। দ্বিতীয়টার বেলায়ও একই ব্যাপার, কিছুদূর চলতেই ‘নেক্সট’! সংক্ষিপ্ত যাত্রায় বেশ বোঝা গেল, মাঠে যতই ধীর-স্থির-ঠান্ডা মাথার হোন না কেন, আদতে নাসির বড় চঞ্চল!
নাসিরকে এই প্রশ্ন এর আগে অনেকেই করেছেন, ‘মানুষ হিসেবে আপনি কেমন?’ আমরাও করলাম। নাসির মাথা চুলকে বললেন, ‘আমি আসলে যে কেমন, ঠিক বুঝতে পারি না!’ তবে আমরা কিছুটা হলেও বুঝলাম। নাসিরভক্তদের নিশ্চয়ই অজানা নেই, প্রচণ্ড চাপেও ব্যাট করতে নেমে ২২ গজের পিচে দাঁড়িয়ে অবলীলায় শিস বাজান এই ক্রিকেটার! রোম পুড়ে যাওয়ার সময় বাঁশি বাজাচ্ছিলেন নিরো। আর বাংলাদেশ যখন মাঠে ধুঁকতে থাকে, তখন শিস বাজান নাসির! তবে নিরো ও নাসিরের মধ্যে সবচেয়ে বড় ফারাক হলো, নিরো রোমকে রক্ষা করার চেষ্টা করেননি, নাসির অধিকাংশ সময়ই বাংলাদেশের ত্রাতা। ধ্বংসস্তূপ থেকে ডানা মেলা এক ফিনিক্স পাখি।
‘কীভাবে পারেন মাঠে এমন নির্ভার থাকতে? আন্তর্জাতিক ম্যাচও তো আপনি পাড়ার মাঠের ঢঙে খেলেন!’ নাসিরের মুখভঙ্গি দেখে মনে হলো, ‘ভাই, আমি তো এমনই!’ মুখের উত্তরে বললেন, ‘নতুন এক পরিবেশে আপনি এমনিতে যেভাবে কথা বলেন, সেভাবে না বললে কিন্তু সমস্যায় পড়বেন। ক্রিকেটও তেমনই, আগে পাড়ার মাঠে যেভাবে খেলতাম, আন্তর্জাতিক ম্যাচেও সেটা রিপিট করার চেষ্টা করি। আমার কাছে একটাই পার্থক্য—পাড়ার মাঠে ক্যামেরা থাকে না, আন্তর্জাতিক ম্যাচে থাকে। আর আমি চাপ উপভোগ করি। চাপ না থাকলে মনেই হয় না খেলাটা জমছে। দিন শেষে মনে হয়—আরে, এটা তো খেলাই, উপভোগের বিষয়।’

দেওয়ানবাড়ির ছোট ছেলে
উপভোগের বিষয় যখন এল, তখন একটু পেছনে ফিরে যাই। রংপুরের দেওয়ানবাড়ির এক বাড়িতে। যেখানে মোটমাট সদস্য ২৫-৩০ জনের মতো। বাড়ির ছোটদের মধ্যে একজনের নাম নাসির হোসেন। বড় চাচা-মেজো চাচা-সেজো চাচা-ছোট চাচা আর বাবা—একেকজন যেন ‘রাগের ফ্যাক্টরি’! পান থেকে চুন খসলেই হয়েছে! তো বাবা-চাচারা মিলে ক্রিকেটটাকে মোটেও উপভোগের বিষয় হিসেবে রাখতেন না ছোট্ট নাসিরের জন্য। নাসির তখন সম্ভবত সপ্তম বা অষ্টম শ্রেণীর ছাত্র। বড় ভাইয়ের সঙ্গে গেছেন ক্রিকেট খেলতে, স্কুল পালিয়ে। বড় চাচা ও ছোট চাচা মাঠে গিয়ে দেখেন, বাড়ির দুই সদস্য দিব্যি ক্রিকেট খেলছে। কিসের খেলা কিসের কী! চ্যালা কাঠ নিয়ে ধাওয়া। নাসিরও ব্যাট ফেলে দে দৌড়। মধ্যদুপুরে লোকজন ক্রিকেট বাদ দিয়ে চাচা-ভাতিজার দৌড় প্রতিযোগিতা দেখতে দেখতে হাততালিও দিল! ‘তবে সেদিন আর দৌড়ে পারিনি। শেষমেশ ধরা পড়লাম। সবার সামনে শক্ত মার খেয়ে আমি আর বড় ভাই সিদ্ধান্ত নিলাম—গৃহত্যাগী হব। বাসার পেছনেই ছিল বিশাল বাগান; ছোটবেলায় বনের মতোই মনে হতো। রাগে-ক্ষোভে-দুঃখে সেই বাগানের মধ্যে ঢুকে পড়লাম।’ স্মৃতি হাতড়াচ্ছিলেন নাসির।
‘তারপর কী হলো?’
‘তারপর আর কী, সন্ধ্যার দিকে বাবা আর চাচারা অনেক খুঁজে বাসায় নিয়ে গেলেন!’ এটা যেন নাসিরের উল্টো শাস্তি। তবে বড়রাও একসময় বুঝলেন, এ ছেলে ক্রিকেটার না হয়ে ছাড়বে না। তাই পাড়ার মাঠে যখন নাসির ধুমধাম ছক্কা হাঁকাতেন, তখন পিঠ চাপড়ে দিতেও দ্বিধা করতেন না।
বড়দের শাস্তি-ভালোবাসার কথা যখন এসেছে, তখন নাসিরের ‘বড় আম্মা’, মানে বড় চাচির কথা আসবেই। বড় চাচির কথা বলার আগে চলুন ২০১১ সালের ৩ ডিসেম্বরে। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন নাসির। ফোন করেছেন মা। ফোনের অপর প্রান্তে মায়ের কম্পিত কণ্ঠ শুনেই ফোন কেটে দিলেন নাসির। কেন? সে সময় প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আম্মার অনেক দিনের ইচ্ছা আমাকে টিভিতে দেখবে, আমি ভালো খেলব। কিন্তু ফোনে তার কথা শুনে বুঝলাম কান্না-কান্না ভাব। “ব্যস্ত আছি” বলে তাড়াতাড়ি ফোন রেখে দিয়েছি। নইলে কেঁদেই দিত। এ ধরনের পরিস্থিতিতে আমার আবার হাসি চলে আসে...।’ বুঝুন অবস্থা! কেবল ক্রিকেট বাদে আর কিছুতেই ‘সিরিয়াস’ নন এই মানুষটি—এটা তাঁর নিজেরই অভিমত। অথচ ‘বড় আম্মা’ রেহানা খাতুনের কথা বলতে গিয়ে গলা কি কেঁপে উঠল না একটু! হ্যাঁ, তা-ই তো! নাসির নিজের আবেগ ঢেকে রাখতে পারলেন না আর, ‘ছোটবেলায় তো সবাই অনেক শাসন করত, আবার আদরও করত। তবে সবচেয়ে বেশি আদর পেয়েছি বড় আম্মার কাছ থেকে।’ ঠিক এই সময় নাসির একটু বিরতি নিলেন, ‘বছর ১২-১৩ আগে মারা গেছেন তিনি। ছোটবেলায় যখন সবাই মারত, তখন বড় আম্মাই আমাকে বাঁচাতে আসতেন!’
বড় আম্মাও একদিন আর বাঁচাতে পারলেন না! সেটাও স্কুলের পড়ার সময়ের কথা। বাড়ির পেছনেই একটা বড় পুকুর। মাছ ধরার ভীষণ নেশা নাসিরের। অধিকাংশ সময়ই ছিপ ফেলে মাছ ধরতেন এর-ওর পুকুরে (নাসিরের ভাষায় ‘লুকায়-ছুপায়’)। সেদিন সকালেও ছিপ ফেলে বসে আছেন। মাছের চেয়ে মশাই বেশি মারছেন। ঠিক তখন বেরসিক পুকুরমালিকের আগমন: ‘কট রেড হ্যান্ডেড!’ মানে হাতেনাতে ধরা। নাসিরকে ধরে একটা লাকড়ির ঘরে আটকে রাখলেন সঙ্গে সঙ্গে। বেলা ১১টার কথা। এক ঘণ্টা যায়, দুই ঘণ্টা যায়—ছাড়াছাড়ির কোনো নাম নেই! ‘কিছুক্ষণ কান্নাকাটিও করলাম! কোনো খাবারদাবারও দিল না, পেট চোঁ-চোঁ করছে। ছাড়া পেলাম সেই বিকেল পাঁচটার দিকে।’ নাসির বলতে বলতে হাসছিলেন। ‘এখন কি দেখা হয় সেই পুকুরমালিকের সঙ্গে? কী বলেন তিনি?’ নাসির বলেন, ‘আরে দূর! সেটা তো ভুলেই গেছেন মনে হয়। অত দিন আগের কথা কে মনে রাখে!’

নাসির হোসেন ‘নটআউট’!
রংপুরের ক্রিকেট কোচ শাকিল রায়হান নিশ্চয়ই নাসিরের ছোটবেলার কথা মনে রেখেছেন। এই মানুষটিই মূলত নাসিরের জীবনের বাঁক বদলের কারিগর। শাকিল যখন প্র্যাকটিসে ডাকতেন, তখনই ফাঁকিবাজির এক শ একটি উপায় মাথায় ঘুরত নাসিরের। এমন না যে, ক্রিকেট পছন্দ করতেন না নাসির। করতেন, তবে নিয়মনীতি যেন তাঁর দুই চোখের বিষ ছিল!
স্কুলের বেলায়ও একই ঘটনা। স্কুলের শিক্ষকেরা আপনাকে মনে রেখেছেন কেন? রংপুরের সমাজকল্যাণ বিদ্যালয়ের প্রাক্তন এই শিক্ষার্থী দুই আঙুল দেখিয়ে বললেন, ‘এক. খুব বাজে ছাত্র আর দুষ্টু ছিলাম। দুই. আমি এখন জাতীয় দলে খেলছি।’
শিক্ষকেরা নিশ্চয়ই এখন টিভির পর্দায় নাসিরের খেলা দেখেন। ক্লাসের দুষ্টু ছাত্রটা যে এখন তাঁদের গর্ব—এটা অনুমান করতেও জ্যোতিষী হতে হয় না। নাসিরের কেমন লাগে ব্যাপারটি? আবার ফিরে গেলেন ২০১১ সালে জিম্বাবুয়েতে। ডেব্যু ম্যাচে মাঠে নেমেছেন, সবকিছুই ঠিক ছিল। ভড়কে গেলেন বিশাল পর্দায় নিজেকে দেখে, ‘তখন মনে হলো, হায় খোদা, সারা দেশ আমাকে দেখছে! হাঁটতে গেলেও তখন কেমন কেমন যেন লাগছিল! ২০-২৫ মিনিট পরে অবশ্য সব ঠিকঠাক।’ এবং প্রথম ম্যাচেই একটা ঝকঝকে অর্ধশতক হাঁকালেন নাসির। সেই শুরু, টেস্ট ও ওয়ানডেতে নাসিরের ব্যাটিং গড় এখন ৪৬ দশমিক ৭০ ও ৪৫ দশমিক ৩৫।
শেষ প্রশ্ন—সাকিব আল হাসান ও তামিম ইকবাল দ্বিতীয় ইনিংস শুরু করলেন। আপনি শুরু করছেন কবে? পাত্রী কি ঠিক করা আছে?
নাসিরের লাজুক উত্তর, ‘না না, তেমন কেউ নেই। আর বিয়ে এখনই না রে ভাই! আরও আড়াই-তিন বছর পরে।’ নাসিরের ভাবভঙ্গি দেখে মনে হলো, আপাতত ‘নটআউট’ জীবনটাই বেশ উপভোগ করছেন।