নায়ক থেকে পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনির খান শিমুল
মনির খান শিমুল

মনির খান শিমুল প্রথম অভিনয় করেন চলচ্চিত্রে। ছবির নাম একাত্তরের যিশু। সময়টা ছিল ১৯৯৩ সাল। ওই বছরই অভিনয় করেন টিভি নাটকে। এরপর মডেলিং, টিভি আর মঞ্চনাটক নিয়েই ছিলেন ব্যস্ত। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। কিন্তু এর ফাঁকেই তিনি আরেকটি কাজ করেছেন কিছুটা গোপনে। তিনি নাটক লেখার পাশাপাশি পরিচালনাও করেছেন। এ ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন ছদ্মনাম। এ ব্যাপারে শিমুলের কথা হলো, ‘আত্মবিশ্বাসের অভাব বলব না, নিজের মনে কেমন যেন ভীতি কাজ করত। এবার এই ভীতিটা কাটিয়ে দিয়েছে ভূতের বাড়ি নাটকটি। ঈদে এটি প্রচারিত হয়েছে গাজী টিভিতে।’
শিমুল আরও বলেন, ‘নব্বইয়ের দশকে আমরা বন্ধুরা মিলে একটি সংগঠন  করেছিলাম। নাম ছিল জলছবি। এই সংগঠনের প্রায় সবাই ছিলেন নির্মাতা। তাঁদেরকে দেখে দেখেই নাটক নির্মাণের আগ্রহটা তৈরি হয়। প্রথম নাটক তৈরি করেছিলাম একুশে টিভির জন্য। তখন একুশে টিভি বন্ধ হয়ে যায়। এরপর নাটক দুটি এনটিভিতে প্রচারিত হয়েছিল। আমি নাট্যকার ও পরিচালক হিসেবে ঋত্বিক কথক নামটি ব্যবহার করতাম।’
এরই মধ্যে শিমুলের পরিচালনায় প্রচারিত হয়েছে কয়েকটি নাটক। আর ছদ্মনাম নয়, এখন থেকে নিজের নামই ব্যবহার করবেন তিনি। এখন তিনি দুটি ধারাবাহিকের কাজ করছেন—শঙ্খ সাদা পরিবার ও কোথাও কিছু আছে। আর এক ঘণ্টার নাটকটি হলো—বাট কিন্তু হোয়াট কী।