নায়ক রাজের রাজসিক ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন অভিনেতা শুরু থেকেই কিংবদন্তি হন না। মানসম্মত কাজের ধারাবাহিকতায় দর্শকের মনে জায়গা করে নিয়ে কালের আবর্তে একটা সময় কিংবদন্তি হয়ে ওঠেন। আমাদের নায়করাজ রাজ্জাকও কিংবদন্তি হয়েছেন তাঁর ক্যারিয়ারের অসংখ্য ছবির মাধ্যমে। এর মধ্যে এমন কিছু ছবি আছে যেগুলো তাঁর ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দিয়েছিল। সে ধরনের ১০টি ছবি নিয়ে এ আয়োজন।

বেহুলা (১৯৬৬)
রাজ্জাক যখন ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পেতে সংগ্রাম করছেন, তখনই জহির রায়হান তাঁকে এ ছবিতে নেন সুচন্দার বিপরীতে। সাইনিং মানি ছিল ৫০০ টাকা। তৎকালীন পূর্ব পাকিস্তানের দর্শক এ ছবির মাধ্যমে রাজ্জাককে বরণ করে নেন। রাজ্জাকের ক্যারিয়ারের শুভ সূচনা হয় এভাবেই।

ময়নামতি (১৯৬৯)
রহমান-শবনম জুটির জনপ্রিয়তা তখন তুঙ্গে। এর মধ্যে মুক্তি পেল কাজী জহির পরিচালিত ময়নামতি। ইন্ডাস্ট্রি পেল নতুন এক জুটি—রাজ্জাক–কবরী। ময়নামতির সাফল্যের পর একের পর এক প্রস্তাব আসতে থাকে এ কালজয়ী জুটির কাছে। ব্যর্থ প্রেমিকের গল্পে অসাধারণ অভিনয় করেছিলেন নায়করাজ। ছবির গানগুলোর মধ্যে ‘অনেক সাধের ময়না’, ‘ডেকো না আমারে’ সুপারহিট ছিল।

নীল আকাশের নীচে (১৯৬৯)
নারায়ণ ঘোষ মিতা পরিচালিত জীবনমুখী ফ্যামিলি ড্রামা ছবি। রাজ্জাক-কবরী জুটির আরেকটি হিট ছবি। গানের জন্য দর্শকদের কাছে আলাদাভাবে গ্রহণযোগ্য হয়েছিল। সে সময়ের কলেজপড়ুয়া ছেলেমেয়েদের কাছে ‘নীল আকাশের নীচে আমি’ গানটি ছিল বিশেষ কিছু। ‘হেসেখেলে জীবনটা যদি চলে যায়’ গানটিও তুমুল জনপ্রিয়তা পায়। বিরহের গানের মধ্যে ‘প্রেমের নাম বেদনা’ জনপ্রিয় হয়।

জীবন থেকে নেয়া (১৯৭০)
জহির রায়হান নির্মিত ছবিটি পশ্চিম পাকিস্তান সরকারের মুখোশ উন্মোচন করে। রাজ্জাক এ ছবিতে তরুণ প্রতিবাদী যুবকের চরিত্রে অভিনয় করেন। রাজ্জাকের স্মৃতিচারণায় জানা যায়, ‘ছবিটি সেন্সরে জমা পড়লে ঠিকই তা জব্দ করে দিতে চায় এবং নিষেধাজ্ঞার কবলে পড়ে। কিন্তু পশ্চিমা শাসকগোষ্ঠী অনেকটা দেরিতে হলেও ছবিটি ছাড়তে বাধ্য হয় ছাত্র আন্দোলনের মুখে।’

অবুঝ মন (১৯৭২)
রাজ্জাক-শাবানা জুটি জনপ্রিয় হয় কাজী জহির পরিচালিত এ রোমান্টিক ড্রামা দিয়ে। রাজ্জাককে দর্শকের কাছে নতুন করে পরিচিত করায়। ‘শুধু গান গেয়ে পরিচয়’ গানটি হয় সুপারহিট। রাজ্জাক-শাবানা জুটি পরবর্তীকালে ইতিহাস গড়েছিল ঢালিউডের অন্যতম সেরা জুটি হিসেবে।

রংবাজ (১৯৭৩)
জহিরুল হক পরিচালিত রাজ্জাক ও ঢালিউডের প্রথম অ্যাকশন ছবি। অ্যাকশন হিরো রাজ্জাকের আবির্ভাব ঘটে এ ছবি দিয়ে। লোকাল মাস্তানের চরিত্রে রাজ্জাকের অনবদ্য স্টাইলিশ অভিনয় দর্শক লুফে নেন। মাতাল রাজ্জাকের ‘এই পথে পথে আমি একা চলি’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। রাজ্জাক-কবরীর ‘হই হই হই রঙ্গিলা’ বাংলাদেশি ছবিতে বৃষ্টিভেজা রোমান্টিক গানের মধ্যে অন্যতম সেরা।

অনন্ত প্রেম (১৯৭৭)
রাজ্জাক পরিচালক হিসেবে আবির্ভূত হন এ ছবির মাধ্যমে। পরিচালক রাজ্জাকও সফল হন। দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল ছবিটি সে বছর। রাজ্জাক-ববিতা, আরেকটি অমর জুটির উত্থান ঘটায় ছবিটি।

ছুটির ঘণ্টা (১৯৮০)
আজিজুর রহমান পরিচালিত বাস্তব ঘটনা থেকে নির্মিত এ ছবিতে রাজ্জাক ছিলেন স্কুলের দপ্তরি। মাস্টার সুমন বাথরুমে গেলে পেছন থেকে ভুলে দরজা আটকে দেন রাজ্জাক। স্কুল ছুটি শেষ হলে অনেক দিন না খেয়ে থাকা মাস্টার সুমনের লাশ পাওয়া যায়। রাজ্জাক পরে পাগল হয়ে যান।

সৎভাই (১৯৮৫)
রাজ্জাক পরিচালিত ছবি। বাবার মৃত্যুর পর সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধ ও পারিবারিক রাজনীতির অসাধারণ ছবি। এতে বড় ভাইয়ের চরিত্রে ছিলেন রাজ্জাক। ছবিটি পরে সন্তান যখন শত্রু নামে রিমেক করা হয়। রাজ্জাকের ভূমিকায় ছিলেন ছেলে বাপ্পারাজ। এটিও রাজ্জাক পরিচালনা করেন। পরে টালিউডেও ছবিটির রিমেক হয়।

বাবা কেন চাকর (১৯৯৭)
রাজ্জাক পরিচালিত আরেকটি ছবি। একজন বাবার শেষ বয়সের বাস্তবতা নিয়ে নির্মিত। ‘আমার মতো এত সুখী’ গানটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে। ছবিটি পরে টালিউডেও রিমেক করা হয়। রাজ্জাকের নতুন একটি হাইপ তৈরি হয় এই ছবির মাধ্যমে।

গ্রন্থনা: রহমান মতি