নায়ক রুবেলের অভিষেক
কণ্ঠশিল্পী এসডি রুবেল অভিনীত প্রথম চলচ্চিত্র এভাবেই ভালোবাসা হয় অবশেষে মুক্তি পাচ্ছে এ বছরের শেষ দিন। রুবেলের বিপরীতে এ ছবিতে অভিনয় করেছেন শাবনূর।প্রায় ১০০ ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ৪০০-র মতো অ্যালবামে গান করেছেন। গায়ক হিসেবেই পরিচিতি ছিল তাঁর। এবার তিনি নায়ক হিসেবে আসছেন রুপালি পর্দায়। ৩১ ডিসেম্বর তাঁর প্রথম ছবি এভাবেই ভালবাসা হয় মুক্তি পাবে। এস ডি রুবেলের গায়ক থেকে নায়ক হওয়ার ব্যাপারটিও বেশ ঘটনাবহুল।‘নায়ক হব, এমন চিন্তা আসলেই কখনো ছিল না। যখন প্রথম গান গাওয়া শুরু করলাম, সে সময় আমাকে কয়েকজন নির্মাতা চলচ্চিত্রে অভিনয়ের অফার করেছিলেন। কিন্তু আমার মনে হয়েছিল যে আগে গায়ক হিসেবে প্রতিষ্ঠা পাই, পরে ভেবে দেখা যাবে। পরে গান নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেলাম যে অভিনয় করা হয়নি।’ বলছিলেন রুবেল।তবে রুবেল যা ভাবেননি, তা-ই হয়েছে। শেষ পর্যন্ত তিনি বড় পর্দায় নায়ক হয়ে আসছেন। প্রযোজক পিটার চৌধুরীর খুব পছন্দ এস ডি রুবেলকে। তিনি সিদ্ধান্ত নিলেন, রুবেলকে নায়ক হিসেবে নিলে ছবিতে নায়িকা নেবেন শাবনূরকে। যেমন কথা তেমন কাজ। পরিচালক মনতাজুর রহমান আকবর ছবিটি বানানোর দায়িত্ব তুলে নিলেন।রুবেল কি এর আগে কখনো অভিনয় করেছিলেন?‘জন্মস্থান চাঁদপুরে অনন্যা নাট্যগোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলাম। সেই সুবাদে বেশ কটি মঞ্চনাটকে অভিনয় করেছিলাম। ঢাকায় আসার পর আর কখনো অভিনয় করা হয়নি। তবে এবার যখন অভিনয় করলাম, তখন একটু ভাবনার বিষয় তো ছিলই যে শাবনূরের মতো বড় মাপের অভিনয়শিল্পীর সঙ্গে অভিনয় করছি। আমি একদমই নতুন। কিন্তু পরিচালক আসলে সবকিছুই সহজ করে দিয়েছেন। ফলে দুই-এক দিনের মধ্যেই পুরো বিষয়টি বুঝে যাই। ছবির কাজ শেষ করার পর যখন নিজে ছবিটি দেখলাম, তখন মনে হয়েছে যে কেউ বলতে পারবে না, আমি এবারই প্রথম অভিনয় করলাম।’ বলছিলেন রুবেল।এভাবেই ভালবাসা হয় ছবিতে রুবেলকে দর্শক কীভাবে পাবেন?‘একজন অবুঝ প্রেমিকের চরিত্রে। বড়লোকের এক ছেলে। হঠাৎ করেই এক ফুলওয়ালীকে দেখে তার প্রেমে পড়ে যায়। তাকে পেতেই সে প্রাণান্ত চেষ্টা করে। একসময় সফলও হয়। কিন্তু এরই মধ্যে ঘটে যায় অনেক ঘটনা। সেই ঘটনা নিয়েই তৈরি হয়েছে এভাবেই ভালবাসা হয়।’প্রথম ছবি মুক্তির পর রুবেল কি আরও ছবিতে অভিনয় করবেন?‘এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আসলে এখন আমি প্রথম ছবি নিয়ে ভাবছি। যদি দর্শক গ্রহণ করেন, তবে নিশ্চয়ই পরে ছবিতে কাজ করতে উৎসাহ বোধ করব। আর আমি মনে করি, দর্শক-শ্রোতারা যেভাবে আমার গান গ্রহণ করেছেন, এমনি করেই আমার ছবিও গ্রহণ করবেন।’