নায়ক শাকিব খানের পক্ষে-বিপক্ষে মামলা
চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (এফডিসি) চত্বরে অস্ত্র নিয়ে প্রবেশের ঘটনায় মামলা হয়েছে। এফডিসির নিরাপত্তা পরিদর্শক ফরহাদ হোসেন ভূঁইয়া বাদী হয়ে রাজধানীর শিল্পাঞ্চল থানায় আজ বুধবার এ মামলা দায়ের করেন। মামলায় প্রযোজক আবদুল আজিজ, শিশ মোহাম্মদসহ পাঁচ-ছয়জনকে আসামি করা হয়। তাঁরা অস্ত্র নিয়ে এফডিসিতে প্রবেশ করে ভয়ভীতি দেখান বলে অভিযোগ করা হয়। এর আগে গত শনিবার এফডিসির ৩ নম্বর প্রসাধনকক্ষে শিডিউল নিয়ে কথা বলার সময় শাকিবকে হত্যার হুমকি দেন চলচ্চিত্র-প্রযোজক আবদুল আজিজ ও শিশ মোহাম্মদ। এ ঘটনায় শাকিব বাদী হয়ে শিল্পাঞ্চল থানায় দুই প্রযোজকসহ পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেন। থানা পুলিশ এ মামলাটি তদন্ত করছে। তবে এখন পর্যন্ত মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।এদিকে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধেও মামলা হয়েছে। আজ বুধবার চলচ্চিত্র-প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী মনোয়ার এহতেশাম বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ১৯ মে শাকিব খানকে হাজির হতে সমন জারির নির্দেশ দেন।শাকিব খানের বিরুদ্ধে দায়ের করা মামলায় বাদী অভিযোগ করেন, ‘অন্য রকম ভালোবাসা’ এবং নাম স্থির না-হওয়া একটি চলচ্চিত্রে অভিনয় করার জন্য গত বছরের ৭ ডিসেম্বর শাকিব খান চুক্তিবদ্ধ হন। দুটি ছবিতে অভিনয়ের জন্য তাঁর দাবি করা ৬০ লাখ টাকা বিপরীতে তিনি ৪০ লাখ টাকা অগ্রিম নেন। কিন্তু টাকা নিয়ে তিনি কাজ করেননি। তিনি এর কারণ জানতে চাইলে শাকিব খান ক্ষিপ্ত হয়ে চুক্তির টাকার বিষয়টি অস্বীকার করেন। টাকা চাইতে গেলে একপর্যায়ে তাঁকে ভয়ভীতিও দেখানো হয়। মহানগর হাকিম এস কে এম তোফায়েল হাসান অভিযোগ শুনে শাকিব খানকে আদালতে হাজির হওয়ার আদেশ দেন।এদিকে মামলা দায়েরের পর মনোয়ার এহতেশাম তাঁর পশ্চিম পান্থপথের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, চুক্তি অনুযায়ী দুটি চলচ্চিত্রের মহরতসহ চিত্রগ্রহণের দিন ধার্য করা হয় ১০ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত। কিন্তু শাকিব খান নির্ধারিত দিন থেকে অনুপস্থিত ছিলেন। তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন, শাকিব খান অন্য একজন পরিচালকের ছবিতে কাজ করছেন। বিষয়টি জানতে তিনি এফডিসিতে যান। কিন্তু শাকিব খানসহ তাঁর ঘনিষ্ঠ লোকজন তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।সংবাদ সম্মেলনে মনোয়ার দাবি করেন, তাঁর (মনোয়ার) সঙ্গে কোনো অস্ত্রই ছিল না। কিন্তু শাকিব খান ও তাঁর ঘনিষ্ঠরা অস্ত্রের গল্প বলে বেড়াচ্ছেন। সংবাদ সম্মেলনে তিনি শাকিব খানকে দেওয়া ৪০ লাখ টাকার রসিদ সাংবাদিকদের দেখান।