নায়করাজের জন্য কষ্ট আর ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নায়করাজ রাজ্জাক।
নায়করাজ রাজ্জাক।

কেউ স্মরণ করেছেন তাঁর অভিনীত চলচ্চিত্রের গান। আবার কেউ সেই চলচ্চিত্রের স্থিরচিত্র পোস্ট করেছেন। কেউ আবার লিখেছেন তাঁর বলা কোনো সংলাপ। সামাজিক যোগাযোগের মাধ্যমে এভাবেই প্রিয় নায়করাজের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের অগণিত মানুষ। তাঁদের লেখনীতে ছিল শোক আর বুকচাপা কষ্টের কথা। আর ছিল প্রিয় এই অভিনেতার প্রতি অগাধ ভালোবাসা।

গতকাল সোমবার বিকেল ৫টার দিকে অসুস্থ বোধ করলে নায়করাজ রাজ্জাককে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হয়। সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। মেজ ছেলে বাপ্পী কানাডা থেকে ফেরার পর বনানী কবরস্থানে মরহুমকে দাফনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় নায়করাজ রাজ্জাকের মরদেহ এফডিসিতে নেওয়া হবে। সেখান থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে তাঁর জানাজা।

প্রিয় অভিনেতার মৃত্যুতে ভক্তরা সামাজিক যোগাযোগের মাধ্যমে নানাভাবে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। পেশায় চিকিৎসক অনির্বাণ সরকার লিখেছেন, ‘একটি ছবির জন্যই রাজ্জাককে মনে রাখব। “জীবন থেকে নেয়া”।’ রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গানের কথাও উল্লেখ করেন তিনি। অনির্বাণ লিখেছেন, ‘মাহমুদুন্নবী এবং খন্দকার ফারুক আহমেদের গলা রাজ্জাকের ঠোঁটে মিলে যেত বেশ। এর বিকল্প আর হয়নি। এমন কিছু গানে ঠোঁট মেলানোর জন্যই রাজ্জাক অনন্য হয়ে থাকবেন।’

লিপি চৌধুরী লিখেছেন, ‘তাঁর সিনেমা দেখে বড় হয়েছি। বাংলা সিনেমার স্বর্ণযুগের অবসান হলো।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম সাদ্দাম হোসেন দীপক লিখেছেন, ‘নায়করাজ রাজ্জাক, আপনার কাছে জাতি হিসেবে আমরা চিরকৃতজ্ঞ।’ ফারজানা মুশতারী জানিয়েছেন প্রিয় অভিনেতার প্রতি ভালোবাসা। তিনি লিখেছেন, ‘দেশের এই কালজয়ী অভিনেতার প্রতি রইল ভালোবাসা।’

রাজ্জাকের ঠোঁট মেলানো একটি বিখ্যাত গানের উল্লেখ করেছেন আয়েশা সিদ্দিকা খান। তিনি লিখেছেন, ‘খুব কষ্ট লাগছে। “আয়নাতে ওই মুখ দেখবে যখন”—এ গানটা মনে হচ্ছে শুধু।’

হারুন উর রশিদ মুরাদ লিখেছেন, ‘নায়করাজ রাজ্জাক নিঃসন্দেহে বাংলা সিনেমার শক্তিমান অভিনেতাদের অন্যতম।’ সাবিনা ইয়াসমিন নামের এক ভক্তও শ্রদ্ধা জানানোর জন্য বেছে নিয়েছেন গানের চরণ। তিনি ফেসবুকে লিখেছেন, ‘নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। সত্যিই নায়ক রাজ্জাক আজ আমাদের ছেড়ে চলে গেছেন অজানা-অচেনা পথে।’

রাজ্জাক অভিনীত চলচ্চিত্র দেখা নিয়ে নিজের শৈশবের স্মৃতি লিখেছেন রতন মালো। স্ট্যাটাসে তিনি জানিয়েছেন মায়ের সঙ্গে বসে সাদাকালো টেলিভিশনে ‘লাইলী মজনু’ দেখার গল্প। এই চলচ্চিত্রে শেষ অবধি নায়ক-নায়িকার মৃত্যু হয়েছিল। রতন মালো লিখেছেন, ‘আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, নায়ক কি সত্যিই মারা গেছে? মা বলেছিলেন, না, সত্যি না। এটা অভিনয়। আজ সত্যিই বিদায় নিলেন নায়করাজ। এই বাংলায় সবাই আপনাকে নায়করাজ বলেই জানবে। অভিভূত হবে।’