নায়করাজের নতুন উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলা চলচ্চিত্রের সোনালি অতীত প্রায় হারিয়ে যেতে বসেছে। দেড় দশক ধরে নানা প্রতিকূলতা ও অবহেলায় চলচ্চিত্রশিল্প প্রায় ধ্বংসের একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। কোনোভাবেই এর থেকে মুক্তির পথ দেখছিলাম না। এ অবস্থায় তো আর বসে থাকা যায় না। এসব সংকট থেকে উত্তরণের জন্য চলচ্চিত্রসংশ্লিষ্ট সবাইকে নিয়ে আমরা সবাই এক হতে যাচ্ছি। আমার বিশ্বাস, সবার সম্মিলিত প্রচেষ্টায় এ সংকট থেকে উত্তরণ সম্ভব হবে।’ প্রথম আলো অনলাইনের সঙ্গে আলাপকালে কথাগুলো বলছিলেন বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক।বাংলা চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য এবার নতুন করে বড় পরিসরে নানা উদ্যোগ নিয়েছেন রাজ্জাক। তাঁর সঙ্গে আরও আছেন সোহেল রানা, ফারুক, উজ্জ্বলসহ চলচ্চিত্রের জ্যেষ্ঠ শিল্পীরা।রাজ্জাকের মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলা চলচ্চিত্র তাঁর সোনালি অতীতে ফিরে যেতে পারবে। এ লক্ষ্যে ২৮ মার্চ এক সমাবেশের আয়োজন করেছেন তিনি। এতে চলচ্চিত্রশিল্পের সবাই থাকবেন বলে জানা গেছে।নায়করাজ রাজ্জাক বলেন, ‘বাংলা চলচ্চিত্রকে নিয়ে একসময় আমরা সবাই গর্ব করতাম। কিন্তু এর ওপর দিয়ে মাঝের দেড় দশক যে বড় ধরনের বিপর্যয় ঘটেছে, তা বলে বোঝানো যাবে না। একটি দেশের সংস্কৃতির প্রধান মাধ্যম এভাবে ধ্বংস হয়ে যাবে, তা কোনো সচেতন নাগরিক মেনে নিতে পারে না। এ ছাড়া এ সমাবেশে প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। রাজ্জাক বলেন, ‘চলচ্চিত্রশিল্প এ দেশের গর্ব, অহংকার। এর সোনালি অতীত রয়েছে। আমাদের চলচ্চিত্র বহির্বিশ্বে প্রশংসিত ও পুরস্কৃত হওয়ার মধ্য দিয়ে দেশের জন্য অনেক সম্মান বয়ে এনেছে এবং এখনো আনছে। আমাদের অনেক শিল্পীও আন্তর্জাতিকভাবে সম্মানিত। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ শিল্প দেশ-বিদেশে আবারও মাথা উঁচু করে দাঁড়াক, এটাই প্রত্যাশা।এই উদ্যোগ নিয়ে কতটা আশাবাদী, এমন প্রশ্নের উত্তরে রাজ্জাক বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় চলচ্চিত্রশিল্পকে আমরা রক্ষা করবই। সফলতার আশা নিয়েই মাঠে নেমেছি। আশা করছি, ভালো ফলাফল অবশ্যই পাব।’