নায়িকা নয়, খলনায়িকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যালেফিসেন্ট ছবিতে অ্যাঞ্জেলিনা জোলি
ম্যালেফিসেন্ট ছবিতে অ্যাঞ্জেলিনা জোলি

আপনার ফোন নম্বরটি পেতে পারি? অ্যাঞ্জেলিনা জোলিকে এই প্রশ্ন করলে আপনি চমকে যেতে পারেন৷ জোলি বলবেন, ‘দুঃখিত, আমি কোনো ব্যক্তিগত ফোন ব্যবহার করি না৷’ ভাবতে পারেন, আপনাকে এড়ানোর জন্যই এমন উত্তর দিচ্ছেন জোলি৷ খোঁজ নিয়ে দেখতে পারেন, কথাটার মধ্যে লুকোচুরি নেই৷ শুধু তা-ই নয়, জোলি খুব একটা ঘড়িও ব্যবহার করেন না৷ একজন ম্যানেজার আছেন, কিন্তু কোনো মুখপাত্র নেই৷ হলিউডের কোনো তারকার মুখপাত্র নেই—এটা ঘড়ি না থাকার চেয়েও অবিশ্বাস্য৷
কিন্তু জোলি সব মিলিয়ে মানুষটাই এমন৷ কম্বোডিয়া, সুদান ও আফগানিস্তানে গিয়ে আধপেটা ন্যাংটো শিশুদের কোলে তুলে নেন অবলীলায়, এর মধ্যে দেখনদারি নেই৷ শরীরে জার্মান, স্লোভাক, ফ্রেঞ্চ, কানাডিয়ান ও ডাচ রক্ত মিলেমিশে একাকার উত্তরাধিকার সূত্রে৷ খুব স্বাভাবিকভাবেই জোলির নিজের কোনো ‘দেশ’ নেই৷ তিনি বিশ্বনাগরিক৷ এই বিশ্বটা তাঁর একান্ত নিজের একটা গ্রাম৷
২০০১ সালের কথা৷ জোলি তখন অন্য পৃথিবীর এক মানুষ৷ তিনি চেনেনও অন্য এক পৃথিবী, যে পৃথিবী মখমলের মতো৷ জোলি গেলেন কম্বোডিয়া৷ উদ্দেশ্য টুম্ব রেইডার-এর কিছু অংশের শুট করা৷ তখনই অন্য এক পৃথিবীর দরজা হুট করে খুলে গেল৷ দেখলেন, মখমলের মসৃণতায় নয়, দগদগে ক্ষত নিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পৃথিবী৷ পৃথিবীর সবচেয়ে বড় দৈত্যটার নাম ফ্রাঙ্কেনস্টাইন কিংবা গোলিয়াথ নয়—যুদ্ধ!
জোলি নিজেই বলেন, দুই ছবি করতে গিয়ে তাঁর জীবন ওলট-পালট হয়ে গেছে৷ একটা লারা ক্রফট, অন্যটা মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ, যে ছবিগুলো করতে গিয়েই ব্র্যাড পিটের সঙ্গে প্রেমের শুরু৷ তবে বিখ্যাত অভিনেতা বাবার মেয়ে জোলির জীবনে সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তন এসেছে গত চার-পাঁচ বছরে৷ এ সময় লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন৷ তবে আলোচনার আলো থেকে নিজেকে দূরে রাখতে পারলেন কোথায়৷ গত বছর তো শোরগোল ফেলে দিলেন স্তন ক্যানসারের ঝুঁকি থেকে বাঁচতে ‘ডাবল ম্যাস্টেকটমি’ করিয়ে৷
চার বছর পর অবশেষে রুপালি পর্দায় ফিরছেন৷ আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে রবার্ট স্ট্রমবার্গ পরিচালিত ছবি ম্যালেফিসেন্ট৷ ডিজনি রূপকথার ঘুমন্ত রাজকন্যার গল্পটি প্রথম মুক্তি পেয়েছিল ১৯৫৯ সালে৷ সেই ছবির খলনায়িকা ম্যালেফিসেন্ট৷ ডিজনির সবচেয়ে বিখ্যাত কিংবা কুখ্যাত খলনায়িকাদের একজন৷ সেই চরিত্রে অভিনয় করেছেন জোলি৷
৩৮ বছর বয়সী জোলিকে আর খুব বেশি রুপালি পর্দায় দেখা যাবে না৷ এরই মধ্যে ঘোষণা দিয়েছেন ছবি পরিচালনার৷ শিগগিরই নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে৷ এর আগে মুক্তি পেল এই ছবি৷ জোলি-ভক্তরা যে ছবির জন্য অপেক্ষা করেছেন দীর্ঘদিন৷ এই ছবি নিয়ে জোলির নিজস্ব কোনো প্রত্যাশা নেই৷
রাজকুমারীর ভূমিকা বাদ দিয়ে খলচরিত্রে কেন? জোলি মনে করেন, ম্যালিফিসেন্ট আর দশটা দুষ্টু চরিত্রের মতো নয়৷ দুষ্টু চরিত্রের খোলসের আড়ালে আছে কুসুমের মতো আর্দ্র একটা ব্যক্তিত্ব৷ আরও একটা কারণ অবশ্য আছে৷ ‘যখন খুব ছোট ছিলাম, রূপকথার রাজকন্যাদের সঙ্গে নিজেকে মেলাতে পারতাম না কিছুতেই৷’ বলেন তিনি৷
এত দিন পর নিজের চেনা জগৎটায় ফিরে কেমন লাগছে? জোলি খুব একটা শূন্যতা বোধ করেননি; বরং এই সময়টায় জীবনের অচেনা অন্দরে ঢুঁ মারতে পেরেছেন৷ সবচেয়ে বিস্ময়কর লেগেছে, আগে কোথাও গেলে তাঁকে ঘিরে ধরা নারীরা জোলির লিপস্টিক আর নেইলপলিশের খোঁজ নিতেন৷ কিন্তু এখন সবাই স্তন ক্যানসার সম্পর্কে জানতে চান৷ জোলিও নতুন ভূমিকা উপভোগ করছেন বেশ৷
জোলি বলেছেন, ‘আমার ধারণা ছিল না মানুষ কীভাবে এ ব্যাপারে (স্তনব্যবচ্ছেদ) প্রতিক্রিয়া জানাবে৷ অস্ত্রোপচারটি নিয়ে মোটেও উদ্বিগ্ন ছিলাম না৷ কিন্তু মানুষ এভাবে আমাকে সমর্থন দেবে, ভাবতেই পারিনি৷ এটা সত্যিই আমাকে আলোড়িত করেছে৷ আরও অনেক পরিবার, অনেক নারীর সঙ্গে এটা আমার যোগসূত্র তৈরি করে দিয়েছে৷ এটা সত্যিই অসাধারণ একটা যাত্রা ছিল৷’
জোলির জীবনের আরও একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে৷ পিটের সঙ্গে বিয়েটা সেরে ফেলছেন বলেই খবর৷ অবশ্য খবরটা বাসি হয়েই যাচ্ছে৷ কিন্তু ঠিক কবে সেই শুভক্ষণ? জোলি বলেন, ‘এখনো দিনক্ষণ ঠিক হয়নি৷ আমরা কিছুই লুকোচ্ছি না৷’
রাজীব হাসান
এবিসি নিউজ অবলম্বনে