নায়িকা বিপাশার 'ক্রাইম রোড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপাশা কবির ছবি: খালেদ সরকার
বিপাশা কবির ছবি: খালেদ সরকার

ক্রাইম রোড ছবির প্রসঙ্গ উঠতেই বিপাশা কবির শুটিংয়ের স্মৃতি মনে করলেন। ‘টানা ১৬ দিন এক বিয়ের পোশাকে রাস্তায় দৌড়ে দৌড়ে শুটিং করতে হয়েছে।’ বলেই কষ্টের একটা নিশ্বাস ছাড়লেন। মুক্তি পাচ্ছে আগামীকাল বুধবার। ছবির দুই নায়িকার একজন বিপাশা কবির। অনেকেই যাঁকে ‘আইটেম-কন্যা’ বলেই জানেন। কারণ, এত দিনে বিপাশা কবির প্রায় অর্ধশতাধিক ছবির আইটেম গানে নেচেছেন।

গত সোমবার জানালেন, ছবিতে তাঁকে পূর্ণ নায়িকা চরিত্রে দেখা যাবে। বিপাশা বলেন, ‘গল্পের প্রয়োজনে আমরা সবাই সেরাটুকু দিয়েছি। কোনো ধরনের আপস করা হয়নি।’ গল্পের খানিকটা ধারণাও দিলেন।

বিপাশা বলেন, ‘মূলত পাঁচজন সন্ত্রাসী ছেলের গল্প নিয়ে ছবিটি। এদের একজন শাহরিয়াজ আমাকে ডিসকো থেকে নিয়ে আসে। তারপর বিয়ে করতে চায়। বিয়ের দিনেই ঘটে যায় এক দুর্ঘটনা। এই নিয়েই গল্প।’

ছবিটির শুটিং হয়েছে দিনাজপুর, কক্সবাজার ও ঢাকায়। টানা শুটিংয়ে নতুন নতুন অভিজ্ঞতারও সম্মুখীন হতে হয়েছে তাঁকে। সেই সময়কার একটি কষ্টের অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, ‘টানা শুটিংয়ের কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম। এদিকে ঢাকায় ফিরতে হবে। কিন্তু সেই সময় দেশজুড়ে হরতাল। আমার সঙ্গে মা ছিলেন। তিনিও অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে ঝুঁকি নিয়ে ট্রেনে করে ঢাকায় ফিরেছিলাম। ফেরার সময় ভয় কাজ করছিল। বাসায় ফেরার পর স্বস্তির নিশ্বাস ছেড়েছি।’

ক্রাইম রোড পরিচালনা করেছেন সায়মন তারিক। তাঁর মতে, তরুণদের মাদক ও অপরাধে জড়িয়ে পড়ার গল্প নিয়েই নির্মিত হয়েছে ক্রাইম রোড। এই জগৎ থেকে বেরিয়ে আসার গল্পটি দেখবেন দর্শকেরা।

 ক্রাইম রোড-এ আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শরীফ চৌধুরী, সায়লা সাবি, সাদিয়া আফরিন, অমিত হাসান, মিঠু, শামীম, সাঙ্গু পাঞ্জা, নুবিয়া প্রমুখ। আগামীকাল ঢাকাসহ সারা দেশের বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।