নায়িকা শম্পা আর নায়ক সজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রের নায়িকা হচ্ছেন শম্পা রেজা। আর তাঁর সঙ্গে নায়ক চরিত্রে অভিনয় করছেন সজল। তবে তা কোনো চলচ্চিত্রে নয়, সজল ও শম্পা রেজা নায়ক-নায়িকা হলেন হূদি হকের লেখা ধারাবাহিক নাটক ইকারুসের ডানায়। নাটকটি যৌথভাবে পরিচালনা করছেন হূদি হক ও কামরুজ্জামান রনি। শম্পা রেজা বলেন, ‘নতুন ও ভিন্নধর্মী কিছু না হলে সাধারণত আমি কাজ করি না। মনে হচ্ছে অনেক দিন পর অন্য ধরনের একটি চরিত্রে কাজ করছি। আর নাটকটির প্রতিটি দৃশ্য খুব উপভোগ করছি। নাটকের গল্পে আমি চলচ্চিত্রের নায়িকা হয়ে কাজ করছি। আমার বিপরীতে নায়ক হচ্ছে সজল। দেখা যায়, সজলের সঙ্গে আমার একটা মানসিক বন্ধন তৈরি হয়। আর হূদিও বেশ ভালো কাজ করছে।’সজল বলেন, ‘শম্পা রেজা এমনিতেই আমার পছন্দের অভিনেত্রীদের একজন। ছোটবেলা থেকেই তাঁর অভিনয় দেখে আসছি। তাঁর সঙ্গে একই নাটকে অভিনয় করব, তা কখনোই ভাবতে পারিনি। আর এখন তাঁর বিপরীতে আমি নায়ক! সত্যিই অবাক লাগছে।’হূদি হক বললেন, ‘ইকারুসের ডানা নাটকের চরিত্র দুটির জন্য এ দুজনকে আমার কাছে যথার্থ বলে মনে হয়েছে। আর তাঁরা দুজনই রাজি হওয়ায় পুরো ব্যাপারটা অনেক সহজ হয়েছে। আশা করছি, নাটকটিতে দর্শকেরা কিছুটা বৈচিত্র্য খুঁজে পাবেন।’