নায়িকা হওয়ার আশায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রী সোহানা সাবাকে এবার দেখা যাবে টিভি নায়িকা হওয়ার সংগ্রামে শামিল হতে। ‘সিদ্ধান্ত’ নামে একটি এক ঘণ্টার নাটকে এমনই একটি চরিত্রে অভিনয় করতে হয়েছে তাঁকে। সম্প্রতি বিটিভি এবং এর আশপাশের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আহসান হাবীবের কাহিনি এবং ফজলুল করিমের নাট্যরূপে নাটকটি প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান। বিটিভির সাপ্তাহিক নাটক হিসেবে এটি দেখানো হবে। নাটকটির গল্পে সোহানা সাবাকে দেখা যাবে গ্রাম্যবধূ হিসেবে। যে কি না মিডিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য স্বামীকে পর্যন্ত ডিভোর্স দেয়। তারপর নায়িকা হওয়ার আশায় শহরে আসে এবং একজন প্রযোজকের খপ্পরে পড়ে। ওই প্রযোজক সাবাকে মিডিয়ায় প্রতিষ্ঠিত করার কথা বাদ দিয়ে তাঁকে দিয়ে বিভিন্ন ধরনের অসামাজিক কাজে লিপ্ত করানোর চেষ্টা করে। ঘটনা মোড় নেয় অন্যদিকে।নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সোহানা সাবা বলেন, ‘যত দূর শুনেছি, এটি একটি সত্য কাহিনিকে অবলম্বন করেই তৈরি করা হয়েছে। এ রকম একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পেরে বেশ ভালো লাগছে। তা ছাড়া এ নাটকটিতে কাজ করতে গিয়ে আমাকে একটি কাশবনে সারা দিন শুটিং করতে হয়েছে। যা আমার জন্য আরেকটি চমত্কার অভিজ্ঞতা। কারণ, এমনিতেই কাশবন আমার অনেক বেশি পছন্দের। কাকতালীয়ভাবে হলেও এ নিয়ে আমি প্রায় পাঁচটি নাটকের শুটিং সেখানে করেছি।’ উল্লেখ্য, সিদ্ধান্ত নাটকটি ছাড়াও সাবা বর্তমানে মুরাদ পারভেজের পরিচালনায় ‘দৌড়’ সিনেমার কাজ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া ঈদের ছয়-সাতটি নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।