নায়িকার পছন্দের 'নায়িকা'
হতে পারে ত্রিভুজ প্রেমের গল্প। হতে পারে দুই নায়িকার গল্প। এমন চলচ্চিত্রে সহশিল্পী হিসেবে সমসাময়িক কাকে, কেন পছন্দ করবেন এই সময়ের একজন নায়িকা। জানতে চাওয়া হয়েছিল ব্যস্ত চার ঢালিউডকন্যার কাছে। মািহ, মিম, পরীমনি ও ফারিয়া বললেন তাঁদের এ সময়ের পছন্দের নায়িকার কথা

মাহিয়া মাহির পছন্দ অপু
আমি সাধারণত দুই নায়িকা আছে এমন চলচ্চিত্রে কাজ করি না। তবে এমন যদি হয় দ্বিতীয় কোনো নায়িকা পছন্দ করতে বলা হয়, তাহলে সবার আগে অপু বিশ্বাসকে নেওয়ার প্রস্তাব করব। কারণ তাঁকে দেখে মনে হয়, তিনি খুবই ভদ্র একজন মানুষ। আর আবেগের জায়গা থেকে মনে হয়, আমরা দুজনই একই রকম। অপুদি অনেক সুন্দর। সিনেমার চেয়েও বাস্তবে বেশি।
বিদ্যা সিনহা মিম বেছে নিলেন মাহিকে
আমাকে যদি দুজন নায়িকার ছবিতে অভিনয় করতে বলা হয় তাহলে শুরুতেই ‘না’ করে দেব। তবে গল্প বা চলচ্চিত্রটি ভালো হলে তখন বিবেচনা করব। তখন আমি মাহিয়া মাহির নাম প্রস্তাব করব। তাঁর সঙ্গে আমার কখনো দেখা হয়নি, কথাও না। কিন্তু দূর থেকে দেখে মনে হয়েছে তিনি অনেক বেশি বন্ধুভাবাপন্ন। তাই কাজ করতে গেলে খুব মজা ও আনন্দ নিয়ে কাজ করতে পারব।
পরীমনি ভক্ত নাবিলার
আমার সঙ্গে যদি কোনো অভিনেত্রীকে নিতে বলা হয়, তাহলে আমার প্রথম পছন্দ আয়নাবাজির নায়িকা নাবিলাকে। তাঁকে আমার খুব ভালো লাগে। তাঁর চেহারার মধ্যে আলাদা একটা স্নিগ্ধতা আছে। এ কারণেই আমি আয়নাবাজি সিনেমাটি চারবার দেখেছি। আরও ৪০ বার দেখলেও আমার কাছে খারাপ লাগবে না।
নুসরাত ফারিয়া চান ফারিনকে
পছন্দের নায়িকা বা সহশিল্পীর নাম বলা খুব কঠিন ব্যাপার। তবে কদিন আগে নতুন এক নায়িকার সঙ্গে দেখা হয়েছে। তার নাম ফারিন। প্রথম দেখাতেই আমার মনে হয়েছে, ওর মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। ঠিকঠাকমতো কাজ করলে অনেক দূর যেতে পারবে। এখন লেগে থাকাই হলো ব্যাপার।
