নিঃশব্দ করতালি, টুপিখোলা অভিবাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসবের শেষ পরিবেশনা ছিল মালির গানের দল ‘তিনারিওয়েন’
উৎসবের শেষ পরিবেশনা ছিল মালির গানের দল ‘তিনারিওয়েন’

ঢাকায় তৃতীয়বারের মতো লোকগানের যে আসরটি হয়ে গেল, তা অভিনন্দনযোগ্য। সব মিলিয়ে বাংলাদেশের লোকগানের শ্রোতাদের এক অন্য রকম অভিজ্ঞতা দিয়েছে এই উৎসব। লোকগানের নানা দেশীয় স্বাদ পাওয়ার যোগ্যতা ও সাধ্য যে বাঙালির আছে, সেটা তারা জানত না এই উৎসব না হলে। ইউটিউবে আর কত? সেই দিক থেকে আয়োজক-দর্শক উভয় পক্ষই সার্থক। চলুন, টুকটাক আলোচনা করে নেওয়া যাক। মিলিয়ে নিন যাঁরা এতে যোগ দিয়েছিলেন।

ব্যতিক্রম সংযোজন

এ বছর ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে ছিলেন ব্যতিক্রম সব শিল্পী ও দল। বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় লোকগানের শিল্পীদের নিয়ে আফসোস ছিল না। তার ওপর বাড়তি প্রাপ্তি ছিল ব্রাজিলের জনপ্রিয় শিল্পী মাউরিসিও টিজুম্বা ও তাঁর দল, তিব্বতের সাধক তেনজিন চোয়েগাল, নেপালের লোকযন্ত্রসংগীতের দল কুটুম্বা, ইরানের দল রাস্তাক, মালির তিনারিওয়েন। ভালো লাগার বিষয় ছিল, বাংলাদেশে দায়িত্ব নিয়ে আসা রাষ্ট্রদূতদের মঞ্চে তোলা। এ জন্য আয়োজকদের জন্য নিঃশব্দ করতালি।

ইরানের দল রাস্তাকের পরিবেশনা
ইরানের দল রাস্তাকের পরিবেশনা


মঞ্চ থেকে যাঁদের নামতে দিতে চাননি দর্শকেরা

উৎসবের গত দুই বছরে বিব্রতকর ঘটনা ঘটেছিল। বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ার পরও প্রথম বছর মঞ্চ থেকে নামতে চাইছিলেন না ভারতের এক শিল্পী ও দ্বিতীয় বছর বাংলাদেশের একজন। এ বছর হয়েছে ঠিক উল্টো। সময়মতো পরিবেশন করে চলে গেছেন সব শিল্পী। কারও জন্য আফসোস করেছেন শ্রোতারা, কাউকে আরও গাইতে অনুরোধ করেছেন। অনুরোধ রাখতে পেরেছিলেন বাসুদেব দাস ও তিনারিওয়েন। তবে পাকিস্তানের মেকাল হাসানের দলকে আর একটু সময় না দেওয়াটা মনঃক্ষুণ্ন করেছে দর্শকদের।

উৎসবে জ্যাজ-সৌরভ

লোকসংগীত উৎসবে জ্যাজের আনন্দ দিয়েছেন দুই দেশের রাষ্ট্রদূত মিকায়েল হেমনিতি উইন্থার ও শ্যালি অ্যান ভিনসেন্ট। একজন ডেনমার্কের, অন্যজন অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডেপুটি হেড অব মিশন। ‘লার্নিং টু ফ্লাই’, ‘হোয়ার আম ফ্রম’, ‘নো ওম্যান, নো ক্রাই’ গেয়েছেন তো বটেই, ঢাকায় আসার অনুভূতি নিয়ে হেমনিটির লেখা ‘সিয়িং ঢাকা’ অন্য রকম এক আনন্দ দিয়েছে ঢাকাবাসীকে। যে শহরের নিরাপত্তা নিয়ে বিশ্ববাসী প্রশ্ন তোলে, তাদের দিকেই যেন তিনি ছুড়ে দেন এই গান।

পালাগান করেছেন বাংলাদেশের আলেয়া বেগম ও শাহ আলম সরকার
পালাগান করেছেন বাংলাদেশের আলেয়া বেগম ও শাহ আলম সরকার

মাঠে ছিলেন প্রকৃত শ্রোতারাই

লোকসংগীতের প্রকৃত শ্রোতারাই যে তিনটি সন্ধ্যারাত মাঠে ছিলেন। বাসুদেব দাস যখন ‘মিনিরে মিনিরে’ ধরেছিলেন, জ্যোতি নুরান যখন ধরলেন ‘কুল্লিনি ফাকিরদি’ কিংবা ফকির শাহাবুদ্দিন যখন ‘বন্দে মায়া লাগাইসে’ গেয়েছেন, হই হই করে সাড়া দিয়েছেন দর্শকেরা। এমনকি মালির গ্র্যামি বিজয়ী তিনারিওয়েনের নিখুঁত কম্পোজিশনে যথাযথ সাড়া দিয়েছেন দর্শকেরা। এদিক থেকে বলা যায়, শিল্পী নির্বাচনে সার্থক আয়োজকেরা।

রিবন খোলেননি জ্যোতি, প্রত্যাশা পূরণ করেননি পাপন

দ্বিতীয় দিনের আসর ভাঙলে বেরিয়ে যাওয়া দর্শকদের কেউ কেউ করেছেন এই মন্তব্য। জ্যোতি নুরান চুলের রিবন খোলার পরই নাকি শুরু হয় নুরান সিস্টার্সের আসল পরিবেশনা। কিন্তু এই আসরে রিবন খোলেননি তিনি। তবু এ দুই বোন হতাশ করেননি। নিজেদের গান, পুরোনো সুফি গান ও বলিউডে গাওয়া গানগুলো উপভোগ করেছেন দর্শকেরা। অন্যদিকে অতি প্রত্যাশার চাপ সামলাতে পারেননি পাপন। কাঙ্গালিনী সুফিয়ার গাওয়া ‘দিনে দিনে’ গানটি দিয়ে শুরু করে পরে আর তেমন সুবিধা করতে পারেননি এই অহমীয় তরুণ।

ডেনমার্কের মিকায়েল হেমনিতি উইন্থার ও অস্ট্রেলিয়ার শ্যালি অ্যান ভিনসেন্ট
ডেনমার্কের মিকায়েল হেমনিতি উইন্থার ও অস্ট্রেলিয়ার শ্যালি অ্যান ভিনসেন্ট


মঞ্চের পেছনে রাত নামত দেরিতে

এই যে তিন দিনের কর্মযজ্ঞ, একটি গোছানো অনুষ্ঠান, অতিথিদের সামান্য অসুবিধায় না পড়া, আগের থেকে পরিশীলিত শব্দযন্ত্র, তিনটি মাধ্যমে সরাসরি সম্প্রচার—এসব কিছুর জন্য ধন্যবাদ জানাতে হবে একঝাঁক মানুষকে। তাঁরা সান কমিউনিকেশনস, মিডিয়াকম, মাছরাঙা ও স্কয়ারের আন্তরিক কর্মী। মঞ্চের পেছনে শিল্পীদের জন্য স্বস্তিদায়ক ব্যবস্থা অব্যাহত রেখেছিলেন তাঁরা। তাঁদের জন্য টুপিখোলা অভিবাদন।

নিরাপত্তা, শৃঙ্খলা ও অন্যান্য

ধন্যবাদ জানাতে হয় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনী, পুলিশ, এইজেস ও সানের কর্মীদের। যথেষ্ট ধৈর্য, সহনশীলতা ও অধ্যবসায় দেখিয়েছেন তাঁরা। মাত্র তিন সন্ধ্যা ও রাতে এর লক্ষণ টের পেয়েছেন দর্শকেরা। কিন্তু এসবের জন্য তাঁদের খাটতে হয়েছে আরও দীর্ঘ সময়।

এক চিমটি নোনতাবাস্তব

নির্দিষ্ট জায়গা করার পরও ধূমপায়ীরা বেরিয়ে এসে যত্রতত্র ধূমপান করেছেন। এটি দৃষ্টিকটু। ব্যাপারটি অধূমপায়ীদের জন্য একটু কষ্টকরই ছিল। সাধারণ দর্শকদের এ নিয়মটুকু মেনে চলা উচিত ছিল। খাবারের স্টলগুলোতে শৃঙ্খলার অভাব ছিল প্রকট। খাবারের সংকটের বিষয়টি নিয়ে ভাবনার পাশাপাশি পরিবেশকদের প্রতি অনুরোধ, কফি ও বিরিয়ানিটা গরম গরম পরিবেশন করতে না পারলে এই স্টল না নেওয়াই ভালো।