নিঃশব্দ প্রকৃতির নান্দনিক রূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতির সূক্ষ্মাতিসূক্ষ্ম নানা অনুষঙ্গ তাঁর কাজে বিকশিত করে তুলেছেন শিল্পী মোখলেসুর রহমান। নিসর্গ কোনো ক্ষেত্রে তার স্বাভাবিক নয়নাভিরাম রূপ নিয়ে উদ্ভাসিত, কোথাও শিল্পী আরও চোখে দেখা দৃশ্যের গভীরে গিয়ে ভেতরের অন্তর্নিহিত সত্তাকে অনুভব-উপলব্ধি করতে সচেষ্ট। বিষয়ের সঙ্গে সংগতি রেখেই ব্যবহার করেছেন রং। সৃষ্টি হয়েছে নতুন ব্যঞ্জনা। সাম্প্রতিক সময়ে করা এসব কাজের প্রদর্শনী শুরু হচ্ছে আজ বুধবার। প্রদর্শনীর নাম ‘নিঃশব্দ প্রকৃতি’।বেঙ্গল শিল্পালয়ে সন্ধ্যায় ১০ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত ও শিল্পসমালোচক জর্জিও গুইলিয়েলমিনো। বিশেষ অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংসদ আসাদুজ্জামান নূর ও বরেণ্য শিল্পী রফিকুন নবী।গতকাল মঙ্গলবার বেঙ্গল শিল্পালয়ে প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এতে ১১টি পেইন্টিং ও ২৮টি ছাপচিত্র-মাধ্যমের কাজসহ মোট ৩৯টি শিল্পকর্ম প্রদর্শিত হবে। শিল্পকর্মগুলোতে শিল্পী নানা দিক থেকে নানা মাত্রায় উন্মোচন করেছেন রং ও রেখার অন্তর্নিহিত সৌন্দর্য। ছবিগুলোতে মিশে আছে শিল্পীর কল্পনা, সৌন্দর্যবোধ ও পরিশীলিত আবেগের ছন্দ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কবি ও স্থপতি রবিউল হুসাইন, বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী এবং শিল্পী নিজে। সংবাদ সম্মেলনের পর গ্যালারিতে শিল্পকর্ম দেখতে আসেন শিল্পী শিশির ভট্টাচার্য্য, ওয়াকিলুর রহমান প্রমুখ।শিল্পী মোখলেসুর রহমান মূলত ছাপচিত্র-মাধ্যমে কাজ করেন। তিনি জানান, কাঠ খোদাই তাঁর প্রিয় মাধ্যম। এবারের প্রদর্শনীর ‘নিঃশব্দ প্রকৃতি’ শিরোনামটি তিনি রূপক অর্থে ব্যবহার করেছেন। তিনি বলেন, ‘বিশ্বপ্রকৃতি আমাদের লালন করে পরম মমতায়; আমরা জীবনযাপনে এই প্রকৃতিকে নানাভাবে উপভোগ করি এবং নানা নিষ্ঠুর আচরণে তাকে ক্ষতবিক্ষত করে থাকি। কিন্তু অবারিত প্রকৃতি যেন সবকিছু নিঃশব্দে-নীরবে সয়ে যায়; সয়ে যাচ্ছে নিরন্তর। প্রদর্শনীর শিল্পকর্মে তারই প্রতিফলন লক্ষ করা যাবে।’ এটি তাঁর ষষ্ঠ একক প্রদর্শনী। চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। মহিলা সমিতিতে ভাঙ্গা-গড়ার নাট্যোৎসববাংলাদেশের নাট্য আন্দোলনের সূতিকাগার বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তন। চার দশকের নাট্যচর্চার কেন্দ্রবিন্দু এই মঞ্চ। সম্প্রতি এই মঞ্চের আধুনিকায়নের জন্য ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মহিলা সমিতি কর্তৃপক্ষ। বহু নাট্যসংগঠন ও নাট্যজনের স্মৃতিবিজড়িত মঞ্চটি ভাঙার আগে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন শেষবারের মতো এ মঞ্চে ‘ভাঙ্গা-গড়ার নাট্যোৎসব ২০১১’ নামে পাঁচ দিনের নাট্যোৎসব আয়োজন করছে।আগামীকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় উৎসবের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। উৎসব চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।নাট্যোৎসবে ২০০০ সালের আগে প্রতিষ্ঠিত নাট্যদলগুলোর এ মঞ্চে অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর কোলাজ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ ছাড়া মঞ্চটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে চার দশকের অভিনীত নাটকগুলোর আলোকচিত্র, পোস্টার ও বিভিন্ন উৎসবের পোস্টারের প্রদর্শনীও থাকবে।