নিঃসঙ্গ সানি লিওন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানি লিওন
সানি লিওন

‘বলিউডে আমার খুব বেশি বন্ধু নেই। পেশাগত কাজ নিয়ে আমাকে প্রচণ্ড ব্যস্ত থাকতে হয়। এ জন্য সামাজিকতা রক্ষা করার ফুরসত আমি পাই না বললেই চলে।’ সম্প্রতি এমন স্বীকারোক্তিই দিয়েছেন ‘জ্যাকপট’ তারকা সানি লিওন।

২০১১ সালে ‘বিগ বস ৫’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় বিনোদন মাধ্যমে যাত্রা শুরু করেন পাঞ্জাবি বংশোদ্ভূত কানাডীয় মডেল ও সাবেক পর্নো তারকা সানি লিওন। ২০১২ সালে মহেশ ভাটের চিত্রনাট্য ও পূজা ভাটের পরিচালনায় ‘জিসম ২’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর।

প্রথম ছবিতে সাফল্য পাওয়ায় সানিকে নিয়ে কাজের আগ্রহ বাড়তে থাকে বলিউডের নির্মাতাদের মধ্যে। একাধিক ছবিতে অভিনয়ের প্রস্তাব পান সানি। এর পরিপ্রেক্ষিতে বলিউডে নিয়মিত হওয়ার লক্ষ্যে কানাডা ছেড়ে স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। দুই বছর ধরে বলিউডে নিয়মিত কাজ করার পরও সানির খুব বেশি বন্ধু না থাকার বিষয়টি বিস্ময়করই বটে।


অবশ্য বলিউডে খুব বেশি বন্ধু না থাকার দায় নিজের কাঁধেই চাপিয়েছেন ৩২ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
এ প্রসঙ্গে সানি লিওনের ভাষ্য, ‘আমি এত বেশি কাজের শিডিউল দিয়ে রেখেছি যে তা রীতিমতো অস্বাভাবিক মনে হয় আমার কাছে। এ জন্য মাঝেমধ্যে আমি কাজ থেকে দু-এক দিন ছুটি নিই। অবসরের পুরোটা সময় বিশ্রাম নেওয়ার পেছনেই ব্যয় করি। সামাজিকতা রক্ষার চেয়ে বিশ্রাম নেওয়াটাই বেশি জরুরি মনে হয় আমার কাছে।’ জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।

সানি অভিনীত পরবর্তী ছবি ‘রাগিণী এমএমএস ২’ মুক্তি পাচ্ছে ২১ মার্চ। থ্রিডি ফরম্যাটে নির্মিত হরর-থ্রিলারধর্মী ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি সম্পর্কে সানির মন্তব্য, ‘ছবিটিতে আমার সঙ্গে আরও অনেকেই অভিনয় করেছেন। কাজেই ছবির সাফল্য কিংবা ব্যর্থতা সবার ওপরই নির্ভর করবে—এমনটাই ধারণা ছিল আমার। কিন্তু প্রচারণার কাজ শুরুর পর কেন জানি মনে হচ্ছে ছবির সাফল্য কিংবা ব্যর্থতার দায়ভার আমাকেই বহন করতে হবে। কারণ যেখানেই যাচ্ছি, সেখানেই এ ধরনের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আমাকে।’