নিঃস্বার্থ ভালোবাসার আইএমডিবি রেটিং

অনন্ত জলিল অভিনীত নিঃস্বার্থ ভালোবাসার আইএমডিবি (ইন্টারনেট মুভি ডেটাবেইস) রেটিং শুরু থেকেই বেশ ভালো। এই লেখা তৈরি করার সময় পর্যন্ত পাঁচ হাজারের বেশি ব্যবহারকারীর ভোটে ছবিটি উচ্চ রেটিং পেয়েছে (৮.৬)। একাধারে ছবিটির পরিচালক-প্রযোজক, লেখক ও নায়ক অনন্ত জলিলের জন্য দর্শকদের এই প্রশংসা বড় প্রাপ্তি তো বটেই। কিন্তু টম ক্রুজ অভিনীত বা হলিউডের অন্য কোনো সুপারহিট ছবির সঙ্গে তুলনা করার মতো ব্যাপার কি এখনো ঘটেছে?
মিশন ইম্পসিবল ছবির রেটিং ৭.০। আর আমাদের নিঃস্বার্থ ভালোবাসা বা হোয়াট ইজ লাভ ৮.৬। ব্যাপারটা খোলাসা করা দরকার। বিশ্বের এক নম্বর অনলাইন মুভি ডেটাবেইস আইএমডিবির রেটিং হয় নিবন্ধিত ব্যবহারকারীদের ভোটে। আর সেই নিবন্ধনও ফেসবুক বা জিমেইলের মতো যে কেউ সহজে করে নিতে পারেন। এটি সব শ্রেণীর দর্শকের ভোট এবং যে কেউ ভোট দিতে পারেন, তাই পয়েন্টের চেয়ে কতজন লোকের চোখে ছবিটি ভালো রেটিং পেয়েছে সেটি বরং কিছুটা গুরুত্বপূর্ণ।
যেমন এ পর্যন্ত টম ক্রুজের মিশন ইম্পসিবলকে (১৯৯৬) রেটিং দিয়েছেন এক লাখ ৯৫ হাজার ৬৯৬ জন ব্যবহারকারী। আর আমাদের নিঃস্বার্থ ভালোবাসাকে ভোট দিয়েছেন মাত্র পাঁচ হাজার ৯০৮ জন। বেশিরভাগ তালিকায় পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ ছবি হিসেবে বিবেচিত সিটিজেন কেইন-এর আইএমডিবি রেটিং ৮.৫। ভোট দিয়েছেন দুই লাখ সাত হাজার ৭৬২ জন। বাংলাদেশের সারেং বৌ (৯.০) এবং গোলাপি এখন ট্রেনের (৮.৮) মতো আরও কিছু ছবি উচ্চ রেটিং পেয়েছে। ছবি দুটিকে অবশ্য ভোট দিয়েছেন যথাক্রমে ৫১ ও ১৮ জন ব্যবহারকারী।
রেটিং ওঠানামা নিয়ে আইএমডিবির নিজস্ব যে ব্যাখ্যা সেটি হচ্ছে, অনেক ক্ষেত্রেই মুক্তির পরপর একটি ছবি নিয়ে বেশি আলোচনা হয়। সেই সময়ে উৎসাহী দর্শকদের ভোটে সাময়িকভাবে কোনো বিশেষ ছবির রেটিং ৯ বা ১০ হয়ে যাওয়া বিচিত্র নয়। আবার সময় ও ভোট বাড়ার সঙ্গে সঙ্গে সেই ছবির রেটিং ৯ থেকে ২-এ নেমে আসাও খুবই স্বাভাবিক ঘটনা।
নিঃস্বার্থ ভালোবাসার জন্য শুভকামনা থাকল। আশা করি, সামনে আরও বেশি বেশি ব্যবহারকারী বাংলাদেশের এই ছবিকে ভালো রেটিং দেবেন।