নিউইয়র্কের হাসপাতাল ছাড়লেন মনীষা
নিউইয়র্কে সফল অস্ত্রোপচারের পর সম্প্রতি হাসপাতাল ছেড়েছেন ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালা। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যবস্থাপক সুব্রত ঘোষ। এ প্রসঙ্গে সুব্রত বলেন, ‘গত ১০ ডিসেম্বর মনীষার দেহে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার শেষে সপ্তাহখানেক হাসপাতালে থাকার পর গত ১৮ ডিসেম্বর মঙ্গলবার হাসপাতাল ছেড়ে হোটেলে উঠেছেন তিনি। মনীষার সঙ্গে তাঁর বাবা-মা রয়েছেন।’ এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।মনীষা নিউইয়র্কে আর কতদিন থাকবেন—এমন প্রশ্নের জবাবে সুব্রত জানিয়েছেন, অস্ত্রোপচার সম্পন্ন হলেও, মনীষার চিকিত্সা প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এজন্য অন্তত আরও তিন মাস নিউইয়র্কে থাকতে হবে তাঁকে। পুরোদমে তাঁর চিকিত্সা চলছে এবং তিনি ধীরে ধীরে সেরে উঠছেন। অত্যন্ত সাহসিকতার সঙ্গে ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ করছেন তিনি।প্রসঙ্গত, গত নভেম্বর মাসের শুরু থেকে কাঠমান্ডুতে অবস্থান করছিলেন নেপালি বংশোদ্ভূত ৪২ বছর বয়সী এ অভিনেত্রী। সেখানে তিনি নিজের নতুন বাড়ি তৈরির কাজের তত্ত্বাবধান করছিলেন। হঠাত্ অসুস্থ হয়ে পড়লে সামাজিক যোগাযোগ রক্ষার একটি ওয়েবসাইটে মনীষা জানান, খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এ ঘটনার পর একদিন হঠাত্ করেই অচেতন হয়ে পড়লে মনীষাকে নিয়ে শঙ্কিত হয়ে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। দ্রুত তাঁকে নেপাল থেকে মুম্বাই নিয়ে যান তাঁর মা সুষমা কৈরালা। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে ভর্তি করা হয় মুম্বাইয়ের জাসলক হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁর ডিম্বাশয়ে ক্যানসার ধরা পড়ে। জাসলক হাসপাতালেই মনীষার চিকিত্সা নেওয়ার কথা থাকলেও, ৩০ নভেম্বর তিনি হাসপাতাল ছাড়েন। পরে উন্নত চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়া হয় তাঁকে।