নিউইয়র্ক দেখবে সুচিত্রা সেনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুচিত্রা সেন
সুচিত্রা সেন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন স্মরণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব’। সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএর উদ্যোগে ১১ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে শুরু হবে এ উৎসব। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের উদ্বোধন করবেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন। উদ্বোধন পর্বে সুচিত্রা সেন ও বাংলা চলচ্চিত্র বিষয়ে বলবেন চলচ্চিত্র পরিচালক কবির আনোয়ার। উৎসবের প্রথম দিন সুচিত্রা সেন অভিনীত সাগরিকা প্রদর্শিত হবে। উৎসবে সুচিত্রা-উত্তম অভিনীত তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানান উৎসব কমিটির আহ্বায়ক গোপাল সান্যাল।
সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে নিউইয়র্কপ্রবাসী চলচ্চিত্র পরিচালক কবির আনোয়ার বলেন, ‘সুচিত্রা সেনের জনপ্রিয়তা নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় আটকে থাকেনি। দুই বাংলাসহ গোটা বিশ্বের বাংলা ভাষাভাষীর কাছে তিনি স্বপ্নের রাজকুমারী। এই উৎসব নিঃসন্দেহে প্রবাসী বাঙালিদের মনে দোলা দেবে।’