নিউইয়র্ক ফ্যাশন উইকে পিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জান্নাতুল পিয়া
জান্নাতুল পিয়া

বাংলাদেশের র‍্যাম্প মডেল জান্নাতুল পিয়া যাচ্ছেন নিউইয়র্ক ফ্যাশন উইকে। প্রসাধন সামগ্রী ট্রেসেমের শুভেচ্ছাদূত হিসেবে সেখানকার র‍্যাম্পে হাঁটবেন তিনি। সেখানে যোগ দিতে ১১ ফেব্রুয়ারি সকালে ঢাকা ছাড়ছেন। গতকাল বুধবার বিকেলে প্রথম আলোর সঙ্গে আলাপে তেমনটাই জানালেন বাংলাদেশি এই র‍্যাম্প মডেল।
ইতিমধ্যে অভিনয়ে নাম লিখিয়েছেন পিয়া। কাজ করেছেন ছোট-বড় উভয় পর্দায়। র‍্যাম্প মডেলিংয়ের জন্য দেশের বাইরে থেকে পেয়েছেন স্বীকৃতি। ভাবতেই পারেননি, হঠাৎ এত বড় একটি সুযোগ পেয়ে যাবেন। উচ্ছ্বসিত কণ্ঠে পিয়া বলেন, বাংলাদেশের মেয়ে হিসেবে নিউইয়র্ক ফ্যাশন উইকের র‍্যাম্পে সুযোগ পাওয়া তাঁর জন্য অনেক বড় একটি ব্যাপার।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি র‍্যাম্পে হাঁটবেন, কথাও বলবেন পিয়া। এমন সুযোগ পাওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘গতবার যে উৎসবে ভারত থেকে গিয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ, সেই উৎসবে যাচ্ছি আমি! এটা স্বপ্ন না সত্য, বিশ্বাস করতে পারছি না। তবে এটুকু বলতে পারি, যাঁরা ফ্যাশন মডেলিং করেন, তাঁদের জন্য এটা অনেক বড় একটি অর্জন। যেমনটা ভোগ-এ কাজের সুযোগ। শুধু পণ্যের শুভেচ্ছাদূত নয়, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি ভেবে ভালো লাগছে।’
এর আগে ‘মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল’ খেতাব পেয়েছিলেন পিয়া।