
শনিবার, ৬ জুন নিউইয়র্কের বিখ্যাত মঞ্চ সিম্ফনি স্পেস-এ রবীন্দ্রনাথের গানের এক অনবদ্য অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউটের উদ্যোগে এবং ঢাকার চ্যানেল আই ও নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়।
প্রায় পৌনে তিন ঘণ্টা স্থায়ী অনুষ্ঠানে শিল্পী রবীন্দ্রনাথের প্রেম, পূজা ও প্রকৃতি পর্যায়ের মোট কুড়িটি গান গেয়ে শোনান। প্রতিটি গানের তাৎপর্য ও রচনার ইতিহাস সংক্ষেপে তুলে ধরা ছাড়াও মঞ্চের পেছনের পর্দায় সেসব গানের ইংরেজি অনুবাদ সংযোজিত হওয়ায় অবাঙালি দর্শক অনুষ্ঠানটি পুরোপুরি উপভোগে সক্ষম হন।
রেজওয়ানার সঙ্গে বিভিন্ন বাদ্যযন্ত্রে যাঁরা সহযোগিতা করেন, তাঁদের অন্যতম ছিলেন উপমহাদেশের বিখ্যাত সারেঙ্গিবাদক পদ্মশ্রী পণ্ডিত রমেশ মিশ্র। শিল্পীর গানের স্কুল ‘সুরের ধারা’র একদল ছাত্রছাত্রী, যাঁরা এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বসবাস করছেন, তাঁরাও শিল্পীর সঙ্গে যোগ দেন এবং একাধিক কোরাসে অংশ নেন। বিশ্বকবির প্রতি নিবেদিত বাঙালি সাধক শ্রীচিন্ময় রচিত একটি গানও রেজওয়ানা গেয়ে শোনান।