নিউইয়র্কে বাড়ি কিনলেন রণবীর-ক্যাটরিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর-ক্যাটরিনা
রণবীর-ক্যাটরিনা

এখন পর্যন্ত নানা কীর্তি-কলাপ ঘটিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন বলিউডের বহুল আলোচিত তারকা যুগল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। এবার খবর চাউর হয়েছে, নিউইয়র্কে বাড়ি কিনেছেন রণবীর-ক্যাটরিনা।
সম্প্রতি ভারতের জুম টিভির এক খবরে বলা হয়েছে, একসঙ্গে বর্ষবরণ উত্সব উদযাপন করতে নিউইয়র্ক গিয়েছিলেন রণবীর-ক্যাটরিনা। উত্সবে মেতে ওঠার পাশাপাশি শহরটিতে থাকার জন্য হন্যে হয়ে বাড়িও খোঁজেন তাঁরা। শেষ পর্যন্ত মনের মতো একটি অ্যাপার্টমেন্ট পেয়ে যান তাঁরা।
রণবীর-ক্যাটরিনার অন্যতম পছন্দের শহর নিউইয়র্ক। একাধিকবার সেখানে ছুটি কাটাতে গেছেন ‘আজব প্রেম কি গজব কাহানি’খ্যাত এ তারকা জুটি। সর্বশেষ নতুন বছরকে বরণ করে নিতে সেখানে গিয়েছিলেন তাঁরা। 
শুধু তা-ই নয়, নিউইয়র্ক শহরের সঙ্গে রণবীরের সম্পর্কটা অনেক দিনের। উচ্চশিক্ষা অর্জনের জন্য বহুদিন তিনি সেখানে ছিলেন। রণবীর একাধিকবার উল্লেখ করেছেন, ভবিষ্যতে বাচ্চা-কাচ্চা নিয়ে নিউইয়র্ক শহরে স্থায়ীভাবে বসবাস করতে চান তিনি। তবে কি সেই ইচ্ছাপূরণ করতেই ক্যাটরিনার সঙ্গে মিলে নিউইয়র্কে বাড়ি কিনলেন রণবীর! শেষ পর্যন্ত ক্যাটরিনার সঙ্গেই কি তিনি থিতু হচ্ছেন! 
অথচ খুব বেশিদিন হয়নি যখন রণবীরের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা। এ প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছিল, ক্যাটকে বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন রণবীর। এমনকি ক্যাটকে সরাসরি বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু বিয়ের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেননি ক্যাটরিনা। তিনি নিজের ক্যারিয়ারের কথা ভেবেই রণবীরের বিয়ের প্রস্তাব ফিরিয়েছেন।

ক্যাটরিনা তাঁর ক্যারিয়ার নিয়ে এত বেশি সিরিয়াস যে রণবীরের সঙ্গে চুটিয়ে প্রেম করতে আপত্তি না থাকলেও কোনো অবস্থাতেই বিয়ে করে ক্যারিয়ারের বারোটা বাজাতে চান না। আপাতত ক্যারিয়ারের দিকেই সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত রাখতে চান ৩০ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।

শুধু তা-ই নয়, আগামী ২০-৩০ বছরের মধ্যে বিয়ে করবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন ক্যাটরিনা। এ বিষয়ে তাঁর সরল স্বীকারোক্তি, ‘এই মুহূর্তে কাউকে বিয়ে করে থিতু হওয়ার কোনো রকম পরিকল্পনা আমার নেই। অন্তত আগামী ২০-৩০ বছরের মধ্যে বিয়ে করব না আমি।’

রণবীরকে কখনোই বিয়ে করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘ক্যাটরিনা কখনোই রণবীরকে বিয়ে করবে না। হ্যাঁ, এটা পুরোপুরি নিশ্চিত। আমার বাগদান ও বিয়ে নিয়ে অনেক গল্প রটানো হচ্ছে। আমি জোর গলায় বলছি, এই মুহূর্তে কারও সঙ্গে আমার বাগদান কিংবা বিয়ের কোনো রকম সম্ভাবনা নেই। রণবীর তার পছন্দমতো যাকে ইচ্ছে তাকে বিয়ে করতে পারে। আমার প্রত্যাশা, রণবীর ও তার ভবিষ্যত্ জীবনসঙ্গী দুজনের সম্মতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আমি মনে করি, সংসারজীবন শুরুর সিদ্ধান্ত নিলে সবারই উচিত বিয়ে করে থিতু হওয়া।’

এখন এই বাড়ি কেনার সংবাদ পেয়ে ক্যাটের বক্তব্যকে অনেকেই বলছেন শাক দিয়ে মাছ ঢাকা।