নিউইয়র্কে সোনা জিতলেন অনিল কাপুর
বলিউডের অভিনেতা অনিল কাপুর এবং হলিউডের অভিনেত্রী ডেমি মুর—এই দুই অভিনয়শিল্পীই মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য বহুদিন ধরে কাজ করছেন। এর অংশ হিসেবে প্রামাণ্যচিত্রও বানিয়েছেন পৃথিবীর দুই প্রান্তের এই দুই তারকা। সম্প্রতি এ কাজের স্বীকৃতি হিসেবে উভয়েই নিউইয়র্ক উত্সবের আসরে ‘ইন্টারন্যাশনাল টিভি অ্যান্ড ফিল্ম অ্যাওয়ার্ডস’ জিতেছেন। অবশ্য ডেমি মুর নন, স্বর্ণপদকটি গেছে অনিল কাপুরের ঝুলিতে। বলিউডের অভিনেতা অনিল কাপুরের উদ্যোগে এবং এনজিও ‘প্ল্যান ইন্ডিয়া’র সহায়তায় নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘ট্র্যাপড বাই ট্র্যাডিশন’। ভারতে মানব পাচারের বিষয়বস্তু নিয়ে নির্মিত এই প্রামাণ্যচিত্রের সঞ্চালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন অনিল। এদিকে হলিউডের নামী-দামি সব তারকাকে পেছনে ফেলে পুরস্কার পাওয়ায় উচ্ছ্বসিত কি না, এমন প্রশ্নের জবাবে অনিল বলেছেন, ‘পুরস্কার পাওয়ার আশায় নয়, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। মানব পাচার বিশ্বের বিভিন্ন দেশের জন্যই বড় একটি সমস্যা। এ ধরনের প্রামাণ্যচিত্র এ সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করবে। আমরা পৃথিবীর দুই প্রান্তের তারকা হলেও, আমাদের লক্ষ্য কিন্তু একই। আর তা হলো মানব পাচার কিংবা আধুনিক দাস প্রথার বিলুপ্তি ঘটানো।’অন্যদিকে নেপালে মানব পাচারের বিষয়বস্তু নিয়ে প্রামাণ্যচিত্র বানিয়েছেন ডেমি মুর, যার স্বীকৃতি হিসেবে নিউইয়র্ক উত্সবে রৌপ্য পদক পেয়েছেন তিনি। এক খবরে এমনটিই জানিয়েছে টিওআই।এবারের এ আসরে পুরস্কার জিতেছেন রিকি মার্টিন, পিটার গ্যাব্রিয়েল ও অ্যাস্টন কুচার।