নিউইয়র্কে 'মামুনুর রশীদ: থিয়েটারের পথে'

শনিবার নিউইয়র্কে অনুষ্ঠিত হলো প্রখ্যাত নাট্যকার ও নাট্য পরিচালক মামুনুর রশীদকে নিয়ে লেখা ‘মামুনুর রশীদ রশীদ: থিয়েটারের পথে’ গ্রন্থের প্রকাশনা উৎসব। উদ্বোধনী বক্তব্যে মামুনুর রশীদ বলেন, থিয়েটারের মাধ্যমে দেশের মানুষের সংগ্রাম ও স্বপ্নকে তুলে ধরতেই তিনি আজীবন চেষ্টা করেছেন। এ কাজে কখনো তিনি নাট্যকার, কখনো নাট্য পরিচালক, কখনো–বা অভিনেতা। নাটককে সুশীল মঞ্চ থেকে তুলে এনে সাধারণ জনতার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পথনাটক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছেন। ক্ষুদ্র জাতিসত্তার জনতার সঙ্গে দিনের পর দিন কাটিয়েছেন তাদের জীবনসংগ্রামের কথা জানতে, নাটকে সে সংগ্রামের বিবরণ তুলে ধরতে। এসবের পেছনে উদ্দেশ্য ছিল একটাই, নাটককে পরিবর্তনের হাতিয়ার করে তোলা।
মামুনুর রশীদের এই দীর্ঘ নাট্যজীবনের একটি সচিত্র বিবরণ তুলে ধরা হয়েছে এ গ্রন্থে। বাংলা ও ইংরেজি এই দ্বিভাষিক গ্রন্থটির লেখক ফয়েজ জহির ও হাসান শাহরিয়ার। অসংখ্য চিত্রসংবলিত এই গ্রন্থে ধাপে ধাপে বর্ণিত হয়েছে মামুনুর রশীদ কীভাবে নাটকের জগতে এলেন, কীভাবে অভিনেতা থেকে নাট্যকার ও নাট্য সংগঠক হয়ে উঠলেন, তার তথ্যনির্ভর ও সচিত্র বিবরণ। গ্রন্থটি প্রকাশ করেছে ঢাকার বাঙলা পাবলিকেন্স।
গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন আরেক বিশিষ্ট নাট্যাভিনেতা সালেক খান। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই সতীর্থ নাট্যব্যক্তিত্বের দীর্ঘ সংগ্রামী জীবনের স্বল্পালোকিত বিভিন্ন দিক তুলে ধরেন। পরে মামুনুর রশীদ দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নিউইয়র্কের বিজ্ঞাপনী সংস্থা ‘সূত্র’-র দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসের নাট্যশিল্পী ও নাট্যামোদী অনেকেই উপস্থিত ছিলেন।