নিউইয়র্কের কনসার্ট নিয়ে আজম খানের প্রতিবাদ
গায়ক আজম খানের চিকিত্সায় সহযোগিতা করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২২ অক্টোবর কনসার্টের আয়োজন করছে সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি (স্যামস) নামের একটি সংগঠন। যাঁকে নিয়ে এত বড় আয়োজন, তিনি এর কিছুই জানেন না। এ নিয়ে আজ সোমবার দুপুরে আজম খান তাঁর বাসায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে আজম খান জানান, এ কনসার্টের ব্যাপারে তিনি কিছুই জানেন না। একটি মহল তাঁর নাম ব্যবহার করে এ ধরনের কনসার্টের আয়োজন করছে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পরিচিতজনদের কাছ থেকে এবং সংগঠনটির ওয়েবসাইট ও ফেসবুক থেকে তিনি এ ব্যাপারে জানতে পেরেছেন। জানার পরপরই আজম খান আয়োজকদের সঙ্গে মুঠোফোনে নানাভাবে যোগাযোগের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। আজম খান তাঁর গানের ভক্ত ও শ্রোতাদের এ ধরনের আয়োজনের ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ করেছেন।আজম খান আরও অভিযোগ করেন, এরই মধ্যে নিউইয়র্কে কিছু বিশিষ্ট বাঙালির কাছ থেকে এই সংগঠনটি তাঁর চিকিত্সার জন্য বিরাট অঙ্কের অর্থ সংগ্রহ করেছে। কিন্তু সেই অর্থ তাঁর হাতে আসেনি। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। তিনি বলেন, ‘আজম ভাইকে নিয়ে এ আয়োজন, অথচ আজম ভাই সেটা কিছুই জানেন না। বিষয়টি অনেকটা হাস্যকর। এমনকি এক ধরনের প্রতারণার শামিল। বাংলাদেশের প্রবাদপ্রতিম এই শিল্পীকে নিয়ে এ ধরনের প্রতারণামূলক কাজের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।’ তিনি এও বলেন, ‘আমরা চাই গুরুকে নিয়ে তাঁরা যদিও এ ধরনের আয়োজন করে থাকেন, তবে সেটা যেন যথাযথভাবে বাস্তবায়িত হয়। তা না হলে জাতি হিসেবে আমাদের জন্য এটা খুবই দুঃখজনক একটি ঘটনা হিসেবে সাক্ষী হয়ে থাকবে।’আজম খানের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংগঠনটির পরিচালক ও কনসার্টের প্রধান উদ্যোক্তা আকবর হায়দার ও জাকারিয়া মহিউদ্দিন ওরফে জ্যাকব রায়হানের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।