নিউটাউন ট্র্যাজেডির জন্য ছবির উদ্বোধন স্থগিত করলেন ক্রুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউটাউন ট্র্যাজেডির প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানাতে টম ক্রুজ অভিনীত ‘জ্যাক রিচার’ ছবির উদ্বোধনী প্রদর্শনী স্থগিত করা হয়েছে। নিউটাউনের স্যান্ডি হুক প্রাথমিক বিদ্যালয়ে ১৪ ডিসেম্বর শুক্রবার এক বন্দুকধারীর গুলিতে ২০ জন শিশুসহ ২৮ জন নিহত হয়। ছবির পরিবেশক সংস্থা প্যারামাউন্ট পিকচার্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘১৫ ডিসেম্বর শনিবার পিটসবার্গে “জ্যাক রিচার” ছবির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু এর এক দিন আগে নিউটাউনে যে হূদয়বিদারক ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে উদ্বোধনী প্রদর্শনী স্থগিত করেছি আমরা। বিনা কারণে প্রিয় স্বজনদের যারা হারিয়েছে, তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি।’ এক খবরে এমনটিই জানিয়েছে অ্যাকসেস হলিউড। ‘জ্যাক রিচার’ ছবির নামভূমিকায় অভিনয় করেছেন টম ক্রুজ। ছবির কাহিনিতে দেখা যাবে, একজন বন্দুকধারীর গুলিতে নিহত হয় পাঁচজন নিরস্ত্র মানুষ। হত্যাকারী হিসেবে অভিযুক্ত একজন সেনাকে নির্দোষ প্রমাণ করতে তদন্ত শুরু করেন সেনাবাহিনীর সাবেক তদন্ত কর্মকর্তা জ্যাক রিচার। পুরোদস্তুর অ্যাকশন ঘরানার ছবিটি মুক্তি পাচ্ছে ২১ ডিসেম্বর।স্যান্ডি হুক একটি সরকারি স্কুল। ছয় শর বেশি শিক্ষার্থী পড়াশোনা করে এখানে। ১৪ ডিসেম্বর শুক্রবার এই স্কুলে ঢুকে অ্যাডাম লানজা নামের ২০ বছর বয়সী একজন বন্দুকধারী গুলি ছুড়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম জঘন্য এ হত্যাযজ্ঞ ঘটান। বন্দুকধারী পরে গুলিতে আত্মহত্যা করেন।