নিখিলের ক্যানভাসে বাংলার ঐতিহ্য
বাঙালি সংস্কৃতির বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে—এমনটি শোনা যায় প্রায়ই। ষড়ঋতুর পরিক্রমায় বছরজুড়েই ছড়িয়ে থাকত উৎসবের রং। কেমন ছিল সেই রং? তারই অনুসন্ধান করে চলেছেন নিভৃতচারী শিল্পী নিখিল চন্দ্র দাস। তিনি বিশ্বাস করেন, আমাদের শিল্পীসত্তার শেকড় প্রোথিত আছে বাংলার মৃত্তিকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পাঠ শেষ করে তিনি ফিরে গেছেন নিজের গ্রামে, নড়াইলে। চিত্রাপারের নিখিল চন্দ্র দাসের শিল্পকর্ম নিয়ে গতকাল রোববার জাতীয় চিত্রশালা প্লাজায় শুরু হয়েছে একক প্রদর্শনী। প্রদর্শনীর নাম ‘হারানো ছবির কথা’। বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানীর সভাপতিত্বে উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ।অংকন, চিত্রণ, কাঠ খোদাই এবং বুনন মাধ্যমে করা শিল্পকর্মগুলোতে গতানুগতিক ধারা থেকে শিল্পী বেরিয়ে আসার চেষ্টা করছেন। মানুষ ও প্রকৃতি, বিশেষ করে আবহমান বাংলার লোকজ উপাদান প্রাধান্য পেয়েছে তাঁর সৃজনকর্মে। গ্রামবাংলার চিরায়ত উপাদান, প্রকৃতির অনুষঙ্গ, বিশেষ করে ফুল, লতাগুল্ম, কৃষিকাজে ব্যস্ত কিষান-কিষানি, পাখি, সরীসৃপ ইত্যাদি তাঁর কাজে উঠে এসেছে। বাদ যায়নি গ্রামবাংলার সাংস্কৃতিক কর্মকাণ্ডও। তাঁর ছবিতে ফুটে উঠেছে সেই সব উৎসবের দৃশ্য, যা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে বা হারিয়ে যেতে বসেছে। প্রদর্শনী চলবে ২২ জুন পর্যন্ত। থিয়েটার স্কুলের সনদ বিতরণথিয়েটার স্কুল ২০ বছর ধরে নাট্যচর্চায় আগ্রহীদের প্রশিক্ষণ দিয়ে আসছে। তাঁদের অনেকেই এখন নাট্যাঙ্গনে প্রতিষ্ঠিত। তবে এখনো প্রতিষ্ঠানটির নিজস্ব ভবন নেই। তাই প্রশিক্ষণের জন্য একটি ফ্ল্যাট কেনা ও বার্ষিক খরচ চালানোর জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে গতকাল স্কুলের ২০তম ব্যাচের শিক্ষার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের অধ্যক্ষ জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। বক্তৃতা করেন স্কুলের সম্পাদক রামেন্দু মজুমদার। রামেন্দু মজুমদার তহবিল গঠনের জন্য বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সংস্কৃতি-অনুরাগী দানশীল ব্যক্তিদের সহযোগিতা চেয়েছেন। তিনি জানান, এতে তিন ধরনের বিধান রাখা হয়েছে—পৃষ্ঠপোষক: এককালীন ১০ লাখ টাকা; অনুপ্রেরক: এককালীন পাঁচ লাখ টাকা এবং শুভানুধ্যায়ী: এককালীন এক লাখ টাকা।অনুষ্ঠানে স্কুলের উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এ বছর প্রথম হয়েছেন পারভেজ রানা। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মোস্তাফিজুর রহমান ও তানভীর হোসেন সামদানী। পরে ২০তম ব্যাচের শিক্ষার্থীরা ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় দীনবন্ধু মিত্রর সধবার একাদশী মঞ্চস্থ করেন। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন আলী আহমেদ।