নিখুঁত ‘বন্ড গার্ল’ কেট মিডলটন!
যুক্তরাজ্যের মেনকাইন্ড ডটকম পরিচালিত এক সাম্প্রতিক জরিপে নিখুঁত ‘বন্ড গার্ল’ হওয়ার দৌড়ে সবাইকে টপকে শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের নাম। এ দৌড়ে কেট পেছনে ফেলেছেন রিয়ান্না, কিম কার্দাসিয়ান ও শেরিল কোলের মতো তারকাদের।তুমুল জনপ্রিয় ‘জেমস বন্ড’ সিরিজের ২৩তম ছবি ‘স্কাইফল’ মুক্তি পাচ্ছে আজ ২৩ অক্টোবর মঙ্গলবার। এ উপলক্ষে সম্প্রতি এই জরিপের উদ্যোগ নেয় মেনকাইন্ড। দর্শকদের চোখে নিখুঁত ‘বন্ড গার্ল’ খুঁজে বের করাই ছিল এই জরিপের মূল উদ্দেশ্য। সবাইকে অবাক করে দিয়ে সর্বাধিক ভোট ঝুলিতে ভরেছেন ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকা। জরিপে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন যথাক্রমে গায়িকা ও অভিনেত্রী রিয়ান্না এবং মার্কিন পপ গায়িকা বিয়ন্সি নোলস। সেরা পাঁচে ঠাঁই পেয়েছেন ব্রিটিশ গায়িকা ও মডেল শেরিল কোল এবং মার্কিন টিভি তারকা ও অভিনেত্রী কিম কার্দাসিয়ান।