নিখোঁজ আঁখি ও তার বন্ধুদের রহস্য খুলবে শিগগিরই

শহরের দেয়ালে পোস্টার সাঁটানো এক গোঁফওয়ালা মানুষের। ওপরে লেখা ‘একে ধরিয়ে দিন’। তিনি দুর্ধর্ষ সন্ত্রাসী, শিশু অপহরণকারী ও চোরাচালানি। পাশেই আরেকটি পোস্টারে কয়েটি শিশুর ছবি দেখা যায়। সেখানে লেখা নিখোঁজ সংবাদ। পোস্টার দুটি উৎসুক হয়ে দেখছেন পথচারীরা। কারণ ‘ধরিয়ে দিন’ লেখা ব্যক্তিটি যে খুব চেনা। তিনি অভিনেতা আল মনসুর!
একটু ভালো করে তাকালেই গোঁফওয়ালা আল মনসুরকে চেনা যায়। প্রশ্ন জাগে, তিনি অপহরণকারী দলের সঙ্গে যুক্ত হলেন কবে? এই শিশুদের অপহরণ করলেন কেন? জানা গেল, এই প্রশ্নের উত্তর মিলবে ১৮ ডিসেম্বর। এই দিন রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে আঁখি ও তার বন্ধুরা চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে। সেখানেই পর্দায় দেখা যাবে আঁখি ও তার বন্ধুদের হারিয়ে যাওয়ার রহস্য। আসলে অপহরণের ঘটনাটি বাস্তবে নয়, ঘটেছে রুপালি পর্দায়। প্রচারণার জন্য সে ঘটনাই পোস্টার সেঁটে দর্শকের মধ্যে চাঞ্চল্য তৈরি করতে চেষ্টা করেছে ছবির প্রচার বিভাগ। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। এই অভিনব প্রচার সম্পর্কে বলেন, আসলে ঘটনাটি চলচ্চিত্রে ঘটে। কিন্তু এটা বাস্তবের মতো করেই পোস্টার দেওয়া হয়েছে দর্শকের মনোযোগ আকর্ষণের জন্য। তিনি আরও বলেন, মুন্নী সাহার উপস্থাপনায় টিভির জন্য ‘নিউজ’ আঙ্গিকেও ছবির একটি প্রচারণা ভিডিও তৈরি করা হয়েছে। চলচ্চিত্রটির অফিশিয়াল পেজে দেখা যাচ্ছে এটি। মাজহারুল ইসলামের কণ্ঠে পুরোনো দিনের ছবির প্রচারের মতো করেও মাইকিং করা হবে। এ ছাড়া ১৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ প্রচারের ব্যবস্থা করা হবে।
উদ্বোধনী প্রদর্শনীর পর ২২ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন হলে ছবিটি চলবে। উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। চলচ্চিত্রটিতে আঁখি চরিত্রে অভিনয় করেছে ইশা। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান, আল মনসুর, মুনিরা ইউসুফ মেমী, অনন্য সামায়েলসহ আরও অনেক।