নিজ ভূমে অগ্নিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট-আটটি বছর। অনেক সময়। এর মাঝে বদলে যায় অনেক কিছুই। আবার কিছুই বদলায় না। সামনে বসে থাকা মেয়েটির হাসি দেখে সেটিই মনে হচ্ছিল। প্রিয়াংকা অগ্নিলা ইকবাল। বিপ্রতীপ-এর সেই মিষ্টি মেয়েটি। সম্প্র্রতি দেশে ফিরেছেন অগ্নিলা।বাইরে তখন ঝুম বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় নিয়ে আমরা পৌঁছি ধানমণ্ডির একটি বাড়িতে। আপাতত এখানেই উঠেছেন অগ্নিলা। বাবা-মা ছাড়াই একা দেশে ফেরার কারণ জানতে চাইলে তিনি বললেন, ‘দাদি প্রতিদিনই ফোনে জিজ্ঞেস করেন, কবে আসব। তাঁর বয়স হয়ে গেছে। তাই হুট করেই চলে আসা। সেই ২০০১ সালে বাবা-মায়ের সঙ্গে গিয়েছিলাম কানাডা। পড়াশোনা আর অন্য সবকিছু মিলিয়ে গুছিয়ে উঠতেই অনেকটা সময় চলে গিয়েছিল। বলতে পারেন, পরিবারের এবং বন্ধুবান্ধবদের ভালোবাসাই আমাকে আবার নিয়ে এসেছে।’ প্রবাসে দীর্ঘদিন কাটালেও অগ্নিলার কথার টানে নেই কোনো ইংরেজি বলার দোহাই। এর অবশ্য একটা কারণ জানা গেল, নিয়মিত বাংলা উপন্যাস পড়ার অভ্যেসটা রয়ে গেছে তাঁর। অভিনয়ের দিকে কখনোই ঝোঁক ছিল না অগ্নিলার। হঠাৎ করেই নাটকটি করা। ২০০০ সালে করা বিপ্রতীপ নাটকটিও জনপ্রিয়তা পেয়েছিল বেশ। এ কারণে পরে বিপ্রতীপ-২ নামে আরেকটি পর্ব করা হয়। বিদেশে পাড়ি জমানোর সময় রেখে গিয়েছিলেন অসংখ্য ভক্ত। এত বছর পর এলেও ভক্তরা অনেকেই চিনে ফেলেছেন রাস্তায়। মাঝেমধ্যে এ কারণে একটু থেমে হয়তো কথা বলা এবং ছবি তোলার সেশনও চলছে। ‘সবকিছু মিলিয়ে অসম্ভব ভালো লাগছে। ঢাকার যানজট, লোডশেডিংও অসহ্য মনে হচ্ছে না। পুরো শহরটার মধ্যেই যে একটা আপন আপন ভাব ছড়িয়ে আছে।’ পুরোনো শহরের প্রতি ভালো লাগা প্রকাশ করে বলেন অগ্নিলা। বিপ্রতীপ ছাড়াও অগ্নিলা অভিনয় করেছেন গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্ন শকট নাটকে। বিজ্ঞাপনও করেছেন বেশ কিছু, যার মধ্যে আছে হাবিব ফ্যান, মরটিন, কোকাকোলা ও পেপসোডেন্ট। কিছুদিনের জন্য আসা। তাই সময় কাটছে প্রচণ্ড ব্যস্ততায়। এরই মধ্যে পেয়েছেন নাটকে কাজ করার প্রস্তাব। কিন্তু না, এই এক মাস পুরো সময়টাই তিনি দিতে চান প্রিয় মানুষগুলোকে। তিনি বলেন, ‘আমার প্রতি সবার বিশ্বাস আর ভালো লাগা দেখে আমি মুগ্ধ। কিন্তু অনেক কম সময় নিয়ে এসেছি। তাই আপাতত অভিনয় করতে চাচ্ছি না।’বর্তমানে পড়ছেন রাজনীতি বিজ্ঞান নিয়ে টরন্টো বিশ্ববিদ্যালয়ে। আর দুটো সেমিস্টার পরেই সম্পূর্ণ হবে গ্র্যাজুয়েশন। আন্তর্জাতিক সম্পর্ক, মধ্যপ্রাচ্যের সমস্যাবলি অথবা সাংবাদিকতা থেকে যেকোনো একটি বিষয় বেছে নেবেন স্নাতকোত্তর পর্যায়ের জন্য। পড়াশোনার পাশাপাশি কাজ করছেন নিজস্ব বিশ্ববিদ্যালয়ের রেডিও স্টেশন ফিউশন রেডিওর সভাপতি হিসেবে। অগ্নিলার ছোট্ট একটি স্বপ্ন আছে। সংবাদ প্রচার চ্যানেল বিবিসির ভক্ত ছোটবেলা থেকেই। পড়াশোনা শেষ করে বিবিসিতেই রাজনৈতিক বিশ্লেষকের কাজ করতে চান। সব থেকে কাছের বন্ধু হচ্ছেন বাবা। বাবার সঙ্গে সবকিছু নিয়েই কথা বলেন। কিন্তু এবার বন্ধু দিবসে বাবার থেকে অনেক দূরে তিনি। এ কারণে অবশ্য একটু মন খারাপ অগ্নিলার। ঢাকায় থাকা বন্ধুদের সঙ্গেই তাই পুরো সময়টা কাটাবেন অনেক বছর পর। কথা বলার মাঝেই চলে এলেন পুরোনো এক বন্ধু। কথার খই ফোটা শুরু হয়ে গেল। বাইরে তখনো ঝিরিঝিরি বৃষ্টি...।