
ঘরে নতুন ফসল তোলার উৎসব হয় গ্রামে। শহরবাসীও পায় সেসবের ভাগ। রাজধানীতে তাই আয়োজন করা হয়েছে পৌষ উৎসব। সেখানে পিঠা-পুলি তো থাকবেই, বাড়তি থাকবে বাংলার গান।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে পৌষ উৎসব ১৪২৩। শীত-সকালে সেই উৎসব উদ্বোধন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। খুদে শিল্পীদের সঙ্গে গলা মিলিয়ে তিনিও গেয়েছেন জাতীয় সংগীত।
উৎসবে রয়েছে মেলা। এ নিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, গ্রাম ও শহরের যে দূরত্বটি ছিল এত দিন, প্রযুক্তির বদৌলতে তা প্রায় দূর হয়ে গেছে। গ্রাম-শহর এখন মিলেমিশে একাকার। গ্রামীণ আবহের এ মেলায় শহরে বেড়ে ওঠা শিশুরা নিজেদের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবে। সাম্প্রতিক সময়ের যে অস্থিরতা, অসহনশীলতার হাওয়া আমাদের দেশে লেগেছে, একে ঠেকাতে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বাড়াতে হবে। বড়দের পাশাপাশি ছোটদেরও এতে যুক্ত করতে হবে। উৎসব উদ্বোধনের পর শিশুদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গান করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। ‘ফিরে চল মাটির টানে’ ও ‘মাটি তোদের ডাক দিয়েছে’ গান দুটি।
সকালে মঞ্চে আরও ছিল মুন্সিগঞ্জের সন দেবের লোকজ যন্ত্রসংগীত পরিবেশনা। উৎসবস্থলে রয়েছে শীতের পিঠা, খুদে বায়োস্কোপ, নাগরদোলা, চড়কিসহ নানা আয়োজন। বিকেল থেকে রাত পর্যন্ত ছিল সাংস্কৃতিক আয়োজন। এতে গান করেন সুরের ধারা কলেজ অব মিউজিকের শিক্ষার্থীরা। সংগীতশিক্ষার এ প্রতিষ্ঠানটির সাধারণ বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা পরিবেশন করেন রবীন্দ্রসংগীত ও বাউলগান।
সন্ধ্যায় উৎসবস্থলের মঞ্চে কাটা হয় সুরের ধারার প্রধান রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিনের কেক। শিশু বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করে হিংসুটে দৈত্য নাটকটি। কিশোরগঞ্জের খ্যাতিমান পালাকার ইসলাম উদ্দীন ও তাঁর দলের পরিবেশনায় ছিল কমলারানীর সাগরদিঘি পালা।
মেলা ও উৎসব চলবে আজ রাত পর্যন্ত। উৎসবটির আয়োজক সুরের ধারা।