নিজেই এক ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বন্ধু আজম খান মুক্তিযুদ্ধ-পরবর্তীকালে এক মহা ঘটনা। ব্যক্তিসত্তার ঊর্ধ্বে উঠে একজন শিল্পী কীভাবে নিজেই একটি ঘটনা হয়ে যান, আজম তারই প্রকৃষ্ট উদাহরণ। আজম খানকে তাই শুধু একজন শিল্পী হিসেবে চিহ্নিত করা সঠিক বিবেচনা নয়। আজম মুক্তিযুদ্ধের পূর্ব ও পরবর্তী প্রজন্মের ক্ষোভ-আনন্দ, প্রেম-বেদনা, জীবন-মৃত্যুর অনুভব—সবকিছু অবলীলায় তাঁর সংগীতের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। আজমের কণ্ঠের চিৎকারে যেন ব্যর্থ রাজনৈতিক-সামাজিক প্রতিষ্ঠানগুলো প্রত্যাখ্যানের দুরন্ত প্রকাশ। গত শতকের ষাট ও সত্তরের দশকের যুবসমাজ একটি মানবিক রাষ্ট্র নির্মাণের যে স্বপ্ন দেখেছিল, যে প্রত্যয় ব্যক্ত করেছিল, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সম্ভাবনার নতুন দিকের সন্ধান এ জাতি পেয়েছিল, তার ব্যর্থতায় ক্ষুব্ধ যুবসমাজ যখন ক্ষোভে ফেটে পড়ল, তখন আজম যেন মুক্তিযুদ্ধের অস্ত্রের শব্দ ও তীব্রতা তাঁর যন্ত্র ও কণ্ঠে ধারণ করে যুবসমাজের স্বপ্নভঙ্গের ক্ষোভকে সংগীতে রূপান্তর করলেন।তাঁর কণ্ঠ থেকে নির্গত শব্দাবলি সংগীতের অধিক সংগীত হয়ে উঠল তরুণ সমাজের কাছে। নতুন সংগীতধারা সংযোজিত হলো আমাদের সংগীত ভুবনে। পশ্চিমের রকসংগীতের রসে জারিত এ সংগীত নিয়ে সমালোচনা রয়েছে। কিন্তু একে অস্বীকার করার কোনো উপায় নেই। তাঁর সংগীতের কোনো কোনো বাণীর বাক্যগঠন ও প্রকরণ ব্যাকরণমতে অসম্পূর্ণ। কিন্তু সেই অসম্পূর্ণ বাক্য তাঁর কণ্ঠের জাদুকরি ছোঁয়ায় সর্বগ্রাসী সংগীত হয়ে উঠল। একই সঙ্গে আজম খান হয়ে গেলেন নতুন সংগীতধারার উদ্গাতা এবং তারুণ্যের কাঙ্ক্ষিত আইকন।এই আজম খানের বেড়ে ওঠার সময়ের একজন সাক্ষী আমি। ষাটের দশকে কৈশোর ও যৌবনের আবেগদীপ্ত সময় একসঙ্গে কাটিয়েছি আমরা কজন ঢাকার বন্ধু। আজমের সারল্য আমাকে কৈশোরেই আকৃষ্ট করেছিল। আমাদের ছাত্রজীবন কেটেছে আন্দোলনে-সংগ্রামে। একটি জাতির স্বাধীন হওয়ার প্রক্রিয়ায় আমরা সবাই জড়িয়ে পড়ি। মিছিলের নগর ঢাকা। আজমসহ অনেক তরুণ তখন পাকিস্তানি শাসকগোষ্ঠীকে ব্যঙ্গ করে প্যারোডি গান দিয়ে মিছিলের জনতাকে উত্তুঙ্গে নিয়ে যেতেন। মুক্তিযুদ্ধে যখন জড়িয়ে পড়ি, তখন আজম মেলাঘরে পাহাড়ের পাদদেশে টিনের বাসন ও চামচ দিয়ে তাল ঠুকে গান গাইতেন—সঙ্গে ছিল অনেক তরুণযোদ্ধা। যুদ্ধে আমরা দুজন আলাদা দুটি কোম্পানিতে সংযুক্ত হওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে যাই। আজম সাহসিকতার সঙ্গে তাঁর ওপর নির্দেশিত দুঃসাহসী অভিযানগুলো সম্পন্ন করেছেন।যুদ্ধ-পরবর্তীকালে কত আষাঢ়-শ্রাবণ, বর্ষা-বসন্ত কেটেছে পল্টনে-মতিঝিলে। যুদ্ধফেরত যুবকের উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানো ক্রিকেট আর ফুটবল মাঠে। আজম তখন ক্রমশ আজম খান হয়ে উঠছেন। সংগীতে, নাটকে, কবিতায় যুদ্ধোত্তর বাংলাদেশে তখন রেনেসাঁ যুগ। নতুনের অনিবার্য আহ্বান—নতুন পথের নতুন ঠিকানার। আজম গিটার হাতে তাঁর অনুনকরণীয় কণ্ঠস্বরে বন্ধুদের নিয়ে যে সংগীতের দল গড়লেন, তার নাম ‘উচ্চারণ’।সেই ‘উচ্চারণ’ জন্ম দিল বাংলা ‘রক’সংগীতের। আজ সেই বাংলা রক-এর স্রষ্টা আর আমাদের মাঝে নেই। কিন্তু রেখে গেছেন তাঁরই সৃষ্ট নতুন সংগীতধারা, যা ভাবীকালের প্রজন্মকে নিশ্চিত পথ দেখাবে নতুন সংগীতের।