ধারাবাহিক নাটক, অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি দিতি এখন বিজ্ঞাপনচিত্রেও দারুণ ব্যস্ত। এটিএন বাংলায় সম্প্রতি শুরু হওয়া অতীত ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। আজ নাটকটি দেখানো হবে। কথা হয় দিতির সঙ্গে—কোথায় আপনি?আর কোথায়, রাস্তায়।মানে?সেই কখন ঘর থেকে বেরিয়েছি। গুলশান থেকে যাব কারওয়ান বাজারে। কিন্তু যে লম্বা যানজট, তাতে কি আর সময়মতো পৌঁছানো যায়? ওদিকে শুটিংয়ের সময় পার হয়ে যাচ্ছে।কিসের শুটিং করবেন?একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করব। আজ (সোমবার) একটু আরামেই কাজ করব। কারণ, গত কয়েক দিন প্রতি রাতেই অসম্ভব ক্লান্তি নিয়ে ঘরে ফিরেছি। গরমের মধ্যেই গাজীপুরে একটি ঘরে শুটিং করেছি। উফ্, সেখানে দরজা বন্ধ, জানালা বন্ধ। তার ওপর বিদ্যুৎ থাকে না। গলা শুকিয়ে আসত বারবার।‘অতীত’ নাটকটি নিয়ে কিছু বলুন।বেশ আগে এ নাটকের কাজ করেছিলাম। এখানে আমি আর জেনি দুই বোন। আমার বিয়ে হয়। কিন্তু স্বামী কাছে আসে না। একসময় একাকী জীবন খুবই যন্ত্রণার মনে হয়। একদিন অপরিচিত লোক আমাকে ফোন করে। রং নাম্বার বলে কেটে দিই। আস্তে আস্তে সেই লোকটির সঙ্গে নিয়মিত কথা বলতে থাকি। একদিন জানতে পারি, আমার স্বামী আরেকটি বিয়ে করেছে। এদিকে ফোনের সেই অপরিচিত লোক আমাকে অনুরোধ করে দেখা করার জন্য। দেখা করতে গিয়ে দেখি, সে আমার পুরোনো প্রেমিক।ইদানীং আপনাকে অনেক বিজ্ঞাপনচিত্রে কাজ করতে দেখা যাচ্ছে।আসলে এখন আমি বিজ্ঞাপনচিত্রের কাজটাকে পেশা হিসেবে নিয়েছি। আর কাজটাও আমি উপভোগ করি। এই একটি কাজ বারবার প্রচারিত হয় এবং অনেক দিন ধরে তা টিভি পর্দায় থেকে যায়।অনেকগুলো ধারাবাহিক নাটকেও তো কাজ করছেন?তা করছি। গুলশান এভিনিউ ছাড়াও আরও আটটি ধারাবাহিক নাটকের কাজ চলছে। এর বাইরে আমি নিজে একটি ধারাবাহিক নাটক প্রযোজনা করার সিদ্ধান্ত নিয়েছি। তাতেও অভিনয় করব। বিনোদন প্রতিবেদক