নিজেই নিজের মুখোমুখি

নায়ক ফেরদৌসকে তো সবাই চেেনন, কিন্তু প্রযোজক ফেরদৌস? অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল, ফেরদৌস তাঁর প্রথম প্রযোজিত ছবি নিয়ে আসছেন। তাঁর এই ছবির নাম এক কাপ চা। অবশেষে ফেরদৌস আসছেন। আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। এ ছবিতে অভিনয়ও করেছেন তিনি। বাসু চ্যাটার্জির কাহিনি থেকে ছবিটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ। এদিকে একই দিন মুক্তি পাচ্ছে ফেরদৌস অভিনীত আরেকটি ছবি। ছবির নাম চার অক্ষরের ভালোবাসা। পরিচালক জাকির খান।
ফেরদৌস কি এবার নিজেই নিজের মুখোমুখি হচ্ছেন? তিনি বললেন, ‘দুটি ছবি কিন্তু দুই ধরনের। এক কাপ চা রোমান্টিক কমেডি ধাঁচের আর চার অক্ষরের ভালোবাসা পুরোপুরি সামাজিক গল্প নিয়ে। আমি তো মনে করি দুটি ছবির দর্শকও কিন্তু আলাদা আলাদা। আর দুটি ছবিতে আমিই মূল নায়ক। তাই এখানে মুখোমুখি হওয়ার কোনো অবকাশ নেই।’
এক কাপ চা ছবি নিয়ে ফেরদৌস জানালেন, এখন পর্যন্ত অর্ধশতাধিক প্রেক্ষাগৃহের মালিকদের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। শুধু ঢাকা নয়, ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলার বড় প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে ছবিটি।
নিজের ছবি প্রসঙ্গে ফেরদৌস আরও বলেন, ‘গতানুগতিক ধারার বাইরে গিয়ে আমি একটি গল্প বলার চেষ্টা করেছি। আশা করছি, দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে শতভাগ বিনোদন পাবেন।’