নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই
জিটিভিতে প্রচারিত হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক ‘লোটাকম্বল’। গোলাম মুক্তাদির শানের নাটকটিতে অভিনয় করছেন ২০০৮ সালের ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন শারলিন। অভিনয়সহ আরও নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
লোটাকম্বল...
এই ধারাবাহিক নাটকে আমি কনক চরিত্রে অভিনয় করেছি। কনক একেবারেই আমাদের দেশের একজন সহজ সাধারণ মেয়ে। বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় বাড়ির সবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সে। বাড়ির সবার জন্য তার অনেক মায়া। যেখানেই যায় না কেন মেয়েটি সবাইকে আপন করে ফেলে। অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেয়ে মেয়েটি।
উপন্যাস পড়েছিলেন কখন?
অনেক ছোটবেলায় বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস পড়েছিলাম। যখন শুনলাম পরিচালক আমাকে উপন্যাসের একটি চরিত্রে অভিনয় করানোর কথা ভাবছেন তখন ‘লোটাকম্বল’ পড়ি।
কনক চরিত্রে কাজের প্রস্তুতি...
আমি আগে কখনো অভিনয় করিনি। পরিচালক আমাকে নাটকটির চিত্রনাট্য দিয়েছিলেন। চিত্রনাট্যটি মনোযোগ দিয়ে পড়েছি। এরপর সাহিত্য নিয়ে দেশে ও দেশের বাইরে যে চলচ্চিত্র নির্মিত হয়েছে সেগুলো দেখার চেষ্টা করেছি। এরপর চরিত্রটি নিয়ে আমি নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে মহড়া দিয়েছি। এ ছাড়া লেখকের সঙ্গে কথা বলেছি। তাঁর কাছ থেকে কনক চরিত্রটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেছি। এভাবেই চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করেছি আমি।
সহশিল্পীদের সম্পর্কে কিছু বলুন
নিজেকে অনেক ভাগ্যবানই বলতে হয়। কারণ, এই নাটকে যাঁরা অভিনয় করছেন তাঁরা প্রত্যেকেই অনেক বড় মাপের শিল্পী। তাঁদের সঙ্গে কাজ করা আমার ভাগ্যের ব্যাপার বলতে হয়। শুরুতে মনে হয়েছিল, আমি নতুন বলে সহশিল্পীরা হয়তো আমাকে দেখে অনেক গুরুগম্ভীর হয়ে যাবেন। কিন্তু আমার ধারণা ভুল ছিল। তাঁরা আমাকে অনেক সহযোগিতা করেছেন। তাঁরা সহযোগিতা না করলে আমি অভিনয় করতেই পারতাম না। বিশেষ করে আবুল হায়াত আর আহমেদ রুবেল ভাইয়ের কথা না বললেই নয়। তাঁরা আমাকে অভিনয়ের অনেক খুঁটিনাটি বিষয় ধরিয়ে দিয়েছেন। পাশাপাশি পরিচালক গোলাম মুক্তাদির শান ও প্রযোজক শাহরিয়ার শাকিল অনেক সহযোগিতা করেছেন আমাকে।
মিডিয়ায় আপনার শুরুটা কীভাবে?
মিডিয়াতে আমার শুরুটা হয়েছিল ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতার মধ্য দিয়ে। ২০০৮ সালে এই প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম। প্রতিযোগিতার প্রথম হওয়ার পর আমি আড়ংয়ের মডেল হই। অমিতাভ রেজার পরিচালনায় গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে প্রথম অভিনয় করি। ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতার পর আমি র্যাম্প মডেলিং শুরু করি। বেশ কয়েক বছর কাজ করি। পাশাপাশি নিজেকে অভিনয়ের জন্য প্রস্তুত করতে থাকি।
নতুন আর কী কাজ করছেন?
এখন এই ধারাবাহিক নাটকে কাজ করার পাশাপাশি বেশ কয়েকটি ঈদের নাটকে কাজ করার পরিকল্পনা রয়েছে।
আপনার ভবিষ্যত্ পরিকল্পনা কী?
আমি অভিনয় নিয়েই স্বপ্ন দেখেছি সব সময়। তাই নিয়মিত অভিনয় করতে চাই। ভবিষ্যতে নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
অভিনয়ে আপনার আদর্শ...
অনেকের অভিনয়ই দেখি। তবে আমার সবচেয়ে ভালো লাগার অভিনয়শিল্পীরা হলেন শমী কায়সার, বিপাশা হায়াত, আহমেদ রুবেল প্রমুখ।