নিজেকে গুটিয়ে নিচ্ছি ছোট পর্দা থেকে: মিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করেন বিদ্যা সিনহা মিম। এরপর টিভি নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। তবে ইদানীং চলচ্চিত্রেই বেশি মনোযোগী বর্তমান প্রজন্মের জনপ্রিয় এ তারকা অভিনেত্রী। ৬ জুন শুক্রবার বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মিম অভিনীত নতুন ছবি ‘তারকাঁটা’। ‘তারকাঁটা’ ও বিভিন্ন বিষয় নিয়ে মিম কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। মিমের কথোপকথন পাঠকদের সামনে তুলে ধরেছেন মনজুর কাদের।
‘তারকাঁটা’ দেখার জন্য প্রেক্ষাগৃহে দর্শক কেন যাবে বলে মনে করেন আপনি?
ছবির প্রিন্ট ঝকঝকে, লোকেশন অনেক সুন্দর, গানগুলো চমত্কার, গানের দৃশ্যায়ন অসাধারণ, গল্পটাও খুব ভালো। একজন অভিনয়শিল্পী হিসেবে আমি বলব, ছবিতে আমার চরিত্রটি ভালো লাগায় এবং পছন্দ হওয়ায় অভিনয় করতে রাজি হয়েছিলাম। আমার ধারণা, ছবিটির মাধ্যমে বড় পর্দায় আমাকে নতুনভাবে দেখার সুযোগ পাবেন আমার ভক্তেরা। আরিফিন শুভকেও নতুনভাবে সবাই দেখতে পাবেন। এ ছাড়া মৌসুমী আপুর মতো গুণী অভিনয়শিল্পী কাজ করেছেন এই ছবিতে। নির্মাতা মোস্তফা কামাল রাজ ছবিটির বাণিজ্যিক সাফল্যের দিকে অনেক বেশি নজর দিয়েছেন। আমার মনে হয়, সবকিছু মিলে একটি ভালো ছবি নির্মিত হয়েছে। আমরা সবাই চেষ্টা করেছি, দর্শকদের ভালো ছবি উপহার দেওয়ার। এখন যদি দর্শকেরা ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে যান তা হলে আমাদের পরিশ্রম সার্থক হবে। দর্শকদের উত্সাহ আমাদের খুব দরকার।

অনেক ছবি মুক্তি পায়। আপনি নিজেও অনেক ছবি দেখে থাকেন। ‘তারকাঁটা’ ছবির বিশেষত্ব কী?

এটি আমার জন্য অনেক কঠিন একটি প্রশ্ন। তার পরও বলতে চাই, এই ছবিতে ভাইবোনের একের প্রতি অপরের ভালোবাসার যে ধরনটি দেখানো হয়েছে, সেটিই এই ছবির বিশেষত্ব। আমাদের বেশির ভাগ ছবিতে প্রেমিক-প্রেমিকার ভালোবাসাকেই বড় করে দেখানো হয়। কিন্তু ‘তারকাঁটা’ ছবিতে একেবারে বিপরীত চিত্র তুলে ধরা হয়েছে। ভাইবোনের মধ্যে যে একটি সুন্দর সম্পর্ক হয়, তা এই ছবিতে অসাধারণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমার বিশ্বাস, দর্শকেরা ছবিটিতে নতুনত্ব খুঁজে পাবেন।

উদ্বোধনী প্রদর্শনীতে সবার সঙ্গে ছবিটি দেখার পর নিজের অনুভূতি কেমন ছিল?

বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম


ছবিটি যাঁরা দেখেছেন তাঁদের প্রত্যেকেই আমার অভিনয়সহ ছবির অন্য নানা বিষয় নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন। ছবিতে আমি আমার চরিত্রটিকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছি বলে মন্তব্য করেছেন তাঁরা। আমার জন্য এটা দোয়া। এসব শোনার পর স্বভাবতই অনুভূতিটা দারুণ ছিল।
শুনলাম এক বছর পর আবারও ‘পদ্ম পাতার জল’ ছবির শুটিং শুরু হচ্ছে...
হ্যাঁ, ঠিকই শুনেছেন। ১১ জুন থেকে ‘পদ্ম পাতার জল’ ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। ছবিটিতে আমার সহশিল্পী ইমন।
অনেক দিন বিরতির পর ছবির শুটিং শুরু হলে সমস্যা হয় না?
সমস্যা তো হয়ই। চেহারায় পরিবর্তন আসে। সময়কেও সঠিকভাবে তুলে আনা সম্ভব হয় না। তা ছাড়া একটানা যখন ছবির শুটিং চলে তখন চরিত্রের মধ্যে থাকতে সহজ হয়। কিন্তু বেশিদিন বিরতির পর শুটিং শুরু হলে তা আর সম্ভব হয় না। আর এ জন্য বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
এর আগেও তো আপনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সে সম্পর্কে কিছু বলুন।
আমার অভিনীত প্রথম চলচ্চিত্র হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’। পরে জাকির হোসেন রাজুর ‘আমার প্রাণের প্রিয়া’ ও খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকীর আলো’ ছবিতে অভিনয় করেছি। ছবিগুলোতে আমার সহশিল্পী হিসেবে ছিলেন যথাক্রমে ফেরদৌস, শাকিব খান ও ইমন।

ছবি বা কাজের নতুন আর কোনো খবর আছে কি?

‘মরীচিকা’ নামের নতুন একটি ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। এ ছাড়া সামনের জুলাই মাসে আরেকটি নতুন ছবির শুটিং শুরু করার সম্ভাবনা রয়েছে।

টিভি নাটকের কাজ কি একেবারে বন্ধ করে দিয়েছেন?

অনেক দিন আগে থেকেই টিভি নাটকের কাজ কমিয়ে দিয়েছি। সম্প্রতি তা আরও কমিয়েছি। এখন শুধুই চলচ্চিত্র নিয়ে ভাবছি। কিন্তু অনেক অনুরোধে এবারের ঈদের দুটি নাটকে অভিনয় করতে হচ্ছে।

ছোট পর্দায় কাজ না করার কারণ কী?

ছোট পর্দায় যদি খুব সহজে দর্শক আমাকে দেখার সুযোগ পান, তা হলে তো টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা হলে দেখতে যাবেন না। এই ভাবনা থেকেই নিজেকে একেবারে গুটিয়ে নিচ্ছি ছোট পর্দা থেকে।

একসময় টিভি নাটকে কাজ করতেন। আর এখন বড় পর্দা নিয়ে ব্যস্ত। ছবিতে অভিনয়ের জন্য কি বিশেষ কোনো প্রস্তুতি নিতে হচ্ছে?

তা তো অবশ্যই নিতে হয়। টিভি নাটক আর চলচ্চিত্র তো এক না। আমি গত এক বছর ধরে নিয়মিতভাবে জিমে যাচ্ছি। খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও অনেক পরিবর্তন এনেছি। পাশাপাশি নিয়মিত নাচের চর্চা চালিয়ে যাচ্ছি। আমি অবশ্য ছোটবেলা থেকেই নাচ করছি।