>‘আনন্দ’ পাঠকদের জন্যই আপনার প্রশ্ন, তারকার উত্তর বিভাগ। এই বিভাগে ভক্ত ও অনুসারীদের প্রশ্নের উত্তর দেবেন তারকারা। আজ এই বিভাগে হাজির হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন

মুহসিন মুন্সী, দৌলতপুর, খুলনা: প্রিয় বাঁধন আপু, অনেক সংগ্রাম করে বর্তমান পর্যায়ে আসতে কীভাবে অনুপ্রেরণা পেয়েছেন? অভিনয় ও সৌন্দর্যে আপনি এতটা অপরূপ কেন? আপনার সবচেয়ে ভালোবাসার মানুষ কে?
বাঁধন: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রথম অনুপ্রেরণা হলো আমার চাওয়া। কারণ, আমি সব সময় ভালো থাকতে চেয়েছি এবং নিজেকে ভালো রাখতে চেয়েছি—এটাই বড় কথা। সত্যি কথা বলতে কি, আমাকে সারাক্ষণই সংগ্রাম করতে হয়েছে। যতবার বিপদে পড়েছি ততবারই নিজের সততা ও চাওয়া দিয়ে সেটা পার হয়েছি। আর সৌন্দর্যে অপরূপ ব্যাপারটা সৃষ্টিকর্তার ওপর নির্ভর করেছে। আমি তো কিছু বলতে পারব না (হাসি)। তবে আমার জায়গা থেকে যেটা বলতে পারি সেটা হলো, আমার মনটা সুন্দর। এ কারণে হয়তো বাইরের সৌন্দর্যটুকু পেয়েছি। আপনার শেষ প্রশ্নের উত্তর হলো, আমার ভালোবাসার মানুষ প্রথমত আমি নিজেই। পরে আমার মেয়ে ও আমার বাবা-মা।
ইমরান, ঢাকা: বাঁধন আপুর কাছে প্রশ্ন হলো, উনি এখন কোথায় থাকেন এবং টিভি পর্দায় তাঁকে এখন দেখা যায় না কেন?
বাঁধন: আমি ঢাকার মিরপুরে বাবা-মায়ের বাসায় থাকি। আর আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলাম। এই সময়টুকুতে আমার মেয়েকে সময় দিয়েছি। তবে আপনিসহ সবার জন্য সুখবর হলো, আমি আবার অভিনয়ে নিয়মিত হচ্ছি। খুব তাড়াতাড়ি আমার কাজগুলো দেখতে পাবেন।