নিজের আয়নায় ববিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশ্চাত্য ঘরানার কালো পোশাক পরা ববিতা মুহূর্তেই অন্য রকম হয়ে গেলেন সাদা শাড়ির সৌন্দর্যে। পোশাক বদলের কারণে ববিতাও যেন বদলে বদলে যাচ্ছেন—ভিন্ন ভিন্ন পোশাকে এ যেন নতুন নতুন ববিতা। রোববার সন্ধ্যায় তাঁর গুলশানের বাসায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি। দীর্ঘ সময় ধরে ছবি তোলা হচ্ছে। এ সময় বেকার আমরা বিভিন্ন অ্যালবাম উল্টেপাল্টে দেখছি নানা সময়ের ববিতাকে। সম্প্রতি কে আপন কে পর চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। এ ছাড়া এর আগেও এই পুরস্কার ঘরে তুলেছেন বেশ কয়েকবার। ১৯৭৫ থেকে একটানা তিনবার সেরা অভিনেত্রীর পুরস্কারের হ্যাটট্রিক রেকর্ডটিও তাঁর কপালে।কথা শুরু হলো জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলোতে তাঁর অভিনীত চরিত্র নিয়ে। মুহূর্তেই ববিতা যেন ফিরে গেলেন স্মৃতির ভেতরে। ‘প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই ১৯৭৫-এ বাঁদি থেকে বেগম ছবিতে। এখানে আমার নাম চাঁদনী। এই ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করেছিলাম—বাঁদি, নর্তকী ও বেগম। ফলে ছবিটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। আমার বিপরীতে ছিলেন রাজ্জাক ভাই।’এরপর কী বলবেন, তা যেন খুঁজেই পাচ্ছেন না। হঠাৎই বললেন, ‘তখন আমরা কিন্তু ছবির গল্প নিয়ে, চরিত্র নিয়ে আলাদা করে ভাবতাম—হোমওয়ার্ক করতাম। আমি ধ্রুপদি নাচের “ন”ও জানতাম না। কিন্তু বাঁদি থেকে বেগম-এ তো আমাকে নর্তকী চরিত্রে অভিনয় করতে হবে। অগত্যা গওহর জামিলের কাছে শিখলাম ধ্রুপদি নাচ। তবে এই ছবির জন্যই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাব, সেটা কিন্তু ভাবিনি! ছবি মুক্তির পর সবাই বলেছে, ববিতা কি আসলেই ক্লাসিক্যাল ড্যান্সার? নাচ শিখতে শিখতে পায়ে ফোসকা পড়ে গিয়েছিল, বুঝেছ!’‘১৯৭৫-এর পরের বছর দ্বিতীয়বারের মতো জাতীয় পুরস্কার পেলাম নয়নমণি ছবিতে। আমার চরিত্রের নাম মণি। সহ-অভিনেতা ছিলেন ফারুক ভাই।’ নয়নমণিতে নিজের অভিনীত চরিত্র সম্পর্কে বলতে গিয়ে এ হলো ববিতার প্রাথমিক তথ্য। খানিক বাদে বললেন, ‘সম্পূর্ণ গ্রামীণ পটভূমির গল্পে আমার চরিত্রটিও ছিল গ্রামের মেয়ের। মেয়েটি আবার গাছুড়ে টাইপের। তাই এই চরিত্র পেয়ে আমার তখন খুশিতে বাকবাকুম অবস্থা। কারণ, আমি নিজেও তো গাছুড়ে মেয়ে!’মনে মনে নয়নমণির মণি কি এখন গাছেই উঠে পড়েছেন—কথাটি জানা হলো না। তিনি নিজেই বলে গেলেন, ‘টানা দু-তিন মাস মানিকগঞ্জে শুটিং হয়েছিল। প্রচণ্ড শীতের রাতে থরথর করে কাঁপতে কাঁপতে শুটিং। তারপর শুটিংয়ের অবসরে লুডু খেলা—কী যে দিন ছিল সেসব!’এবার তো ১৯৭৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ববিতা হ্যাটট্রিক করলেন যে বসুন্ধরা চলচ্চিত্র দিয়ে, তার সম্পর্কেও তাঁকে বলতে হবে। ‘একটি ভালো চলচ্চিত্রে অভিনয়ের ক্ষেত্রে পারিশ্রমিক কখনোই আমার কাছে মুখ্য ছিল না। কথাসাহিত্যিক আলাউদ্দিন আল আজাদের উপন্যাস তেইশ নম্বর তৈলচিত্র অবলম্বনে বসুন্ধরায় কম পারিশ্রমিকেও কাজ করেছি ছবির গল্পটি অসাধারণ বলে এবং এটি দত্তদার (সুভাষ দত্ত) ছবি বলে। এখানে আমি গৃহবধূর চরিত্রে অভিনয় করেছিলাম। বিপরীতে ছিলেন ইলিয়াস কাঞ্চন।’ববিতা চতুর্থবারের মতো পুরস্কার জেতেন রামের সুমতি ছবিতে, ১৯৮৫ সালে। ‘আমি ছিলাম বৌদির ভূমিকায়। সঙ্গে ছিলেন প্রবীর মিত্র। মনে আছে, কতবার যে স্ক্রিপ্ট পড়েছি, প্র্যাকটিস করেছি, চরিত্রের ডাইমেনশন নিয়ে ভেবেছি...।’ আরও কিছু যেন বলতে চাইলেন তিনি। তবে এই মুহূর্তে মুখে তাঁর আর কথা নেই। কিন্তু এতক্ষণ ববিতার সঙ্গে যত কথা হলো, সেখানে মোদ্দা কথা একটাই—‘অভিনয়ের জন্য হোমওয়ার্ক খুব জরুরি। আমি সব সময় হোমওয়ার্ক করেছি।’ মা-বাবা তাঁর নাম রেখেছিলেন ফরিদা আখতার। ডাকনাম পপি। সেই পপিই চলচ্চিত্রে এসে হয়ে গেলেন ববিতা। ববিতা যখন আমাদের সামনে নিজের অভিনীত জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো নিয়ে কথা বলছেন, সেখানে হাসন রাজা (২০০২) ও কে আপন কে পর (২০১১) চলচ্চিত্রে তাঁর চরিত্রের কথাও এসেছে। দুই ছবিতেই সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। তার পরও একসময়ের এ লাস্যময়ী নায়িকার মুখে খেদ কেন?‘আর্টিস্ট তো আর্টিস্ট। তার আবার পার্শ্ব কী? একটি গল্প যাঁকে কেন্দ্র করে গড়ে ওঠে, তিনিই তো ওই ছবির মূল চরিত্র। হাসন রাজার গল্প গড়ে উঠেছিল আমাকে কেন্দ্র করে। কিন্তু ছবিটি পুরস্কারে জমা দেওয়ার আগে পরিচালক আমাকে লিখলেন, “পার্শ্ব অভিনেত্রী”!—আমাদের এ রীতি বদলানো উচিত।’একের পর এক কথা। সন্ধ্যা থেকে শুরু হওয়া সেই কথায় কথায় ধীরে ধীরে ঘন হচ্ছে রাত। ওদিকে ববিতার কথা তো ফুরায় না। নিজের অভিনীত চরিত্রগুলোর সামনে দাঁড়িয়ে বারবারই নিজেকে দেখে নিচ্ছেন আপন দর্পণে—ববিতা ফিরছেন অতীত থেকে বর্তমানে এবং বর্তমান থেকে অতীতে।