নিজের কাজটা ঠিকঠাক করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শবনম বুবলি
শবনম বুবলি

‘আনন্দ’ পাঠকদের জন্যই আপনার প্রশ্ন, তারকার উত্তর বিভাগ। এই বিভাগে ভক্ত ও অনুসারীদের প্রশ্নের উত্তর দেবেন তারকারা। আজ এই বিভাগে হাজির হয়েছেন অভিনেত্রী শবনম বুবলি

সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ বিষয়টিকে কীভাবে দেখছেন? এবং আপনি সংবাদ পাঠিকা হিসেবে যতটা জনপ্রিয় ছিলেন, চলচিত্রে সেই ধারা ধরে রাখার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী?
শাহীন-উল-আনাম, রোড নং ১২, রূপাতলী হাউজিং, বরিশাল

শুরুতেই আপনাকে ধন্যবাদ। সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রে নায়িকা হিসেবে আসার ব্যাপারটি আমি অন্য রকমভাবে দেখছি। আমি মনে করি দুটি দুই রকম মাধ্যম। আবার মিলও আছে। আমি যখন সংবাদ পাঠিকা ছিলাম, তখন একেবারে সামনে বসে থাকতেন দর্শক। সরাসরি সংবাদ পাঠ করতে হতো। এটা সত্যি কঠিন ব্যাপার ছিল আমার জন্য। আবার একেক সংবাদ পড়তে গিয়ে একেক রকম অভিব্যক্তি প্রকাশ পেত। যেমন বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ের খবর পড়তে গিয়ে আনন্দ হতো। আবার কোনো দুর্ঘটনার খবর পড়তে গিয়ে খারাপ লাগত। এটা অভিনয়ের বেলায়ও হয়। এতে করে আমার মনে হয় একটু সুবিধাই হয়েছে। চলচ্চিত্রের নায়িকা হওয়ার পর মনে হয় দুটি মাধ্যম দুই রকম। দুইটার ভালোবাসা দুই রকম। অভিনয়ের মাধ্যমে দর্শকদের নানা ধরনের বার্তা দিতে পারি, যেটা একসময় সংবাদের মাধ্যমে দিতাম। তাই বলতে পারেন, মিল-অমিল সবই আছে। আর কতটা আত্মবিশ্বাসী সে ব্যাপারে বলব, আমি যখন সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরু করি, তখন আমি নিজের একটা আসন পাকাপোক্ত করেছিলাম। খুব অল্প সময়ে নিজের জায়গা করে নিয়েছিলাম। একইভাবে আমার চলচ্চিত্রে আসাটাও খুব সুন্দর করে। আমার বিশ্বাস, এখানেও নিজের একটা জায়গা করে নিতে পারব। এখানে কে কতটা জনপ্রিয়, সেই হিসাব করার আগে আমার নিজের কাজটা ঠিকঠাক করতে চাই। বাকিটা দর্শক বিচার করবেন।

কেমন আছেন? আপনার সব সিনেমা দেখেছি, ভালো লেগেছে। শাকিব-বুবলি জুটি বাংলা চলচ্চিত্রে বেশ মানিয়েছে এবং দ্রুত দর্শকপ্রিয় হয়ে উঠেছে। কোন কোন কারণে আপনারা এত দ্রুত জনপ্রিয় ও দর্শকপ্রিয় হয়ে উঠেছেন বলে আপনি মনে করেন? এবং এই জনপ্রিয়তা টিকিয়ে রাখতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
মোহাম্মদ অংকন,শিক্ষার্থী, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি), আশকোনা, দক্ষিণ খান, ঢাকা।

অংকন ভাইকে ধন্যবাদ। খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি ভালো আছি। জুটি ভালো লাগা বা খারাপ লাগার ব্যাপারটি দর্শকের ওপর নির্ভর করে। সবার আগে প্রশ্ন, আমাদের রসায়ন কেমন লাগে। ভালো লাগে বলেই এখনো কাজ করে যাচ্ছি। তবে জনপ্রিয় করার পেছনে দর্শকের অবদান সব সময় আছে। পরের প্রশ্নটা খুবই কঠিন। শুধু এটা বলতে চাই, জনপ্রিয়তা শব্দটাকে লক্ষ করে আমি কাজ করতে চাই না। আমি শুধু চাই মানুষ মনে রাখে এমন কিছু কাজ করতে। মানুষের ভালোবাসাটাই আমার পাওয়ার ইচ্ছা।