নিজের খোঁজে রোকেয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোকেয়া সুলতানার ছবি ‘ওয়ান্স আপন আ টাইম’
রোকেয়া সুলতানার ছবি ‘ওয়ান্স আপন আ টাইম’

ছবিটি ঝুলছে বেঙ্গল শিল্পালয়ের দেয়ালে। মূল গ্যালারিতে ঢুকতে গেলে চোখে পড়বে বিশাল ক্যানভাসে আঁকা ছবিটি। আকার যেমন বিশাল, তেমনি বিস্ময়কর এই ছবির রঙের ব্যবহার। যেন রহস্যময় এক রঙিন নাগরিক জীবন আঁকা হয়েছে সেখানে। ধূসর শহুরে বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই। ছবিটির শিরোনাম ‘ওয়ান্স আপন আ টাইম’।
ছবির শিল্পী রোকেয়া সুলতানা। ধানমন্ডির এই শিল্পালয়ে শুরু হয়েছে শিল্পীর একক চিত্রপ্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম শিল্পীর নামেই, ‘রোকেয়া’। শিল্পী বলেন, ছবিগুলোতে তাঁকে পাওয়া যাবে, তাই এই নাম।

রোকেয়া সুলতানা
রোকেয়া সুলতানা

রোকেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাপচিত্র বিভাগে পড়ান। আঁকলেন কিন্তু অনেকগুলো মাধ্যমে। শিল্পী বলেন, ছবিগুলোতে তিনি নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন, করতে চেয়েছেন আত্মবিশ্লেষণ। ‘ম্যাডোনা’ সিরিজের ছবিগুলোতে শিল্পী তাঁর মা, মেয়ে ও নিজেকে বিভিন্নরূপে আবিষ্কার করেছেন। ছবিগুলোর নারী চরিত্র কখনো প্রকৃতি-মাঝে আনন্দে লীন, কখনো তাদের মুখ বিষাদে মলিন। কখনো তারা কন্যা, কখনো জননী। ‘রিলেশান্স’ সিরিজের ছবিগুলোতে শিল্পী বলেছেন মানুষে-মানুষে সম্পর্কের আদি ও আসল রূপ। এ ছাড়া আরও আছে ‘আর্থ, ওয়াটার, এয়ার’ সিরিজের কয়েকটি ছবি। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও নরওয়ের রাষ্ট্রদূত মেরেতে লুমেন্ডু প্রদর্শনীটি যৌথভাবে উদ্বোধন করেন। প্রদর্শনীটি চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। ছবি দেখতে গ্যালারিতে ঢুঁ মারার সময় হলো দুপুর ১২টা থেকে রাত ৮টা।