
কনকচাঁপার বেশ কিছু ‘মৌলিক’ গান জনপ্রিয় হয়েছে। তবে চলচ্চিত্রের গানেই বেশি অংশ নিয়েছেন তিনি। দীর্ঘ এক দশক পর প্রকাশিত হলো তাঁর মৌলিক আধুনিক গানের অ্যালবাম। শিরোনাম আড়ালে।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। আয়োজনটি দেশের সংগীতভুবনের নানা শাখার শিল্পীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে শিল্পী কনকচাঁপা ও তাঁর গান নিয়ে আলোচনায় অংশ নেন গীতিকবি ও চলচ্চিত্রকার মাজহারুল আনোয়ার, রবীন্দ্রসংগীত শিল্পী আমিনা আহমেদ, কণ্ঠশিল্পী সুবীর নন্দী, অ্যান্ড্রু কিশোর, নকীব খান, আসিফ আকবর, মনির খান, গীতিকার কবির বকুল প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রযোজনা সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান।
অ্যালবামের গানগুলো লিখেছেন জুলফিকার রাসেল। সুর ও সংগীত পরিচালনা করেছেন নকীব খান, মইনুল ইসলাম ও পিলু খান।
নতুন গান প্রকাশের অনুভূতি প্রকাশ করে কনকচাঁপা বলেন, ‘তাঁদের ভালোবাসা ও অনুপ্রেরণা থেকেই গান করি। তাঁদের জন্যই দীর্ঘদিন পর আবার অ্যালবাম প্রকাশ করলাম। অনেক যত্ন নিয়ে কাজটি করেছি। শ্রোতাদের কাছে ভালো লাগলেই আমার কষ্ট সার্থক হবে।’
গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘স্বকীয় প্রতিভায় আলোকিত এই শিল্পী। তাঁর মতো শিল্পীরা অন্য শিল্পীদের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেন।’
সুবীর নন্দী বলেন, খুব বিবেচনা করে গান গাওয়াটা কনকচাঁপার একটা বিশেষ বৈশিষ্ট্য। তিনজন গুণী সুরকারের কারণে অ্যালবামটি অনেক বৈচিত্র্যময় হয়েছে। অ্যান্ড্রু কিশোর বলেন, কনকচাঁপা একজন পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ শিল্পী। সব সময়ই যত্ন নিয়ে সুরের পথ ধরে গান করেন।
১১টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এর মধ্যে আছে—কোনো দিন আসে না সেই দিন, পুরোটাই শৌখিন, তাহলে আমাকেও মনে পড়ে, ইচ্ছে করছে, তোমার কথাই পুরোপুরি ঠিক, আমার কি নেই কিছু ভালো ইত্যাদি।
নিত্য উপহারের বর্ষা উৎসব
ঢাকার ‘টেরিফিক’ যানজটে দ্রুতগামী গাড়ি পরিণত হয়েছে কচ্ছপে। খরগোশ হয়ে গেছে শামুক। রবীন্দ্রনাথের স্বাক্ষর দিয়ে আঁকা হয়েছে তাঁরই মুখচ্ছবি। আবার মানুষের গুজবপ্রিয়তা বোঝাতে ডিম থেকে বেরিয়েছে ঘোড়া।
এমনই বিভিন্ন নকশাখচিত পোশাক নিয়ে গ্যালারি নিত্য উপহার আয়োজন করেছে ঈদ, বর্ষা ও সাম্প্রতিক পোশাক ভাবনা নিয়ে ‘বর্ষা উৎসব’ পোশাক প্রদর্শনীর। গতকাল মঙ্গলবার রাজধানীর আজিজ সুপার মার্কেটে শুরু² হয়েছে এ প্রদর্শনী।
প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পী কাইয়ুম চৌধুরী, ধ্রুব এষ, শাহেদ হিজল, ইমরান হোসেন, মোস্তাফিজ কারিগর ও রয়েল পালের কাজ। এ ছাড়া আছে নিত্য উপহারের নতুন নকশার শাড়ি এবং ছোট ও বড়দের টি-শার্ট।
বর্ষার কবিতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় এ প্রদর্শনী। বর্ষা, কবিতা ও পোশাক নিয়ে সূচনা বক্তব্য দেন কবি মুহম্মদ নূরুল হুদা। এরপর বর্ষা নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মুহম্মদ সামাদ।
১০ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা এ প্রদর্শনী চলবে।