নিজের গান রিমেক করছেন কুমার বিশ্বজিৎ
এবার নিজের গাওয়া পুরোনো কিছু গান রিমেক করছেন কুমার বিশ্বজিৎ। জানালেন, এগুলো নিয়ে চারটি সিডির নতুন একটি অ্যালবাম তৈরির কাজ তিনি শুরু করছেন। তাঁর এই রিমেক অ্যালবামের নাম হবে গোল্ডেন সংস অব কুমার বিশ্বজিৎ। বললেন, ‘আমার সব জনপ্রিয় গান এ প্রজন্মের শ্রোতাদের কাছে নতুন প্রযুক্তিতে তুলে দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছি। এই অ্যালবামে থাকবে সেমি ক্ল্যাসিক্যাল, লোক আঙ্গিক, পাশ্চাত্য ধাঁচের এবং পরিচিত গান।’কুমার বিশ্বজিৎ এর পাশাপাশি নিজের নতুন গানের অ্যালবামেরও কাজ করছেন। জানালেন, এরই মধ্যে চারটি গান তৈরি হয়ে গেছে। কয়েকটি অনুষ্ঠানে গান করার জন্য ২০ মে তিনি লন্ডন যাচ্ছেন। সেখান থেকে ফিরে বাকি গানগুলোর কাজ শেষ করবেন। আগামী ঈদে এটি বাজারে আসবে। জানা গেছে, ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমার বিশ্বজিৎ। এরই মধ্যে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের পরিবারের সবাই ব্যবসায়ী। আমিই শুধু সংগীত নিয়ে আছি। অডিও প্রযোজকদের সংগঠনের সভাপতি হওয়ার পর আমাকে ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট দিকটিও দেখতে হচ্ছে। এখন অনেকেই আমাকে এফবিসিসিআইয়ের সঙ্গে থেকে অডিও ব্যবসায়ীদের নানা সুবিধা-অসুবিধা দেখার জন্য অনুরোধ করছেন। সেসব দিক বিবেচনা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।’ আগামী মাসের শেষ দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।