নিজের গানে প্রিন্স মাহমুদ!

পরিচালককে প্রায়ই নিজের সিনেমার দৃশ্যে ঢুকে পড়তে দেখা যায়। কেমিও চরিত্র হিসেবে এভাবে নিজের প্রায় সব ছবিতে দেখা গেছে আলফ্রেড হিচকককে। সম্প্রতি সুরকার প্রিন্স মাহমুদকে নিজের মুক্তি পাওয়া নতুন একটি গানের ভিডিওতে একঝলক দেখা গেছে।
সম্প্রতি মুক্তি পেয়েছে প্রিন্স মাহমুদের কথা ও সুরে নতুন গান ‘ঘোর’। তপু ও কনার দ্বৈত কণ্ঠে জি সিরিজের ব্যানারে মুক্তি পেয়েছে গানটির একটি ভিডিও। পরিচালনা করেছেন সজল আহমেদ। এ গানের প্রায় পুরো ভিডিওতে দেখা গেছে দুটি কিশোর-কিশোরীকে। শেষের দিকে দুই শিল্পী তপু ও কনার সঙ্গে একটি সাকোর রেলিংয়ে বসে খুনসুটি করতে দেখা গেছে প্রিন্স মাহমুদকে। এটা কি পরিচালকের পরিকল্পনা, নাকি তাঁর নিজের? এমন প্রশ্নে সহাস্যে প্রিন্স মাহমুদ বলেন, ‘ওদের। তবে এসব ক্ষেত্রে আমি সব সময় বারণ করি, এবার করিনি। ভাবলাম থাক না একটু।’ নিজের গানে নিজেকে দেখতে কেমন লাগে, জানতে চাইলে প্রিন্স মাহমুদ তৃপ্তির হাসি হাসতে হাসতে বলেন, ‘মজাই লাগে। আগেও এমন হয়েছে। রুমির ‘বোকা’ গানটির ভিডিওটিতেও ছিলাম, তপু ও ন্যান্সির ‘নিমন্ত্রণ’ গানেও ছিলাম। এটা আসলে কিছু না, করার জন্য করা।’
আজ রাতে প্রিন্স মাহমুদের সুরে এলিটা করিমের কণ্ঠে মুক্তি পাচ্ছে ‘কবি’ নামের একটি নতুন গান। তিনি জানান, শুরুতে এ গানের একটি লিরিক ভিডিও আসবে। সবাই দেখুক, কেমন হয়েছে গানটি।