নিজের চলচ্চিত্র দেখতে অনীহ টম হ্যাঙ্কস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম হ্যাঙ্কস
টম হ্যাঙ্কস

নিজের অভিনীত চলচ্চিত্র দেখতে খুব একটা পছন্দ করেন না বলেই জানালেন অস্কারজয়ী মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কস।
‘ফরেস্ট গাম্প’, ‘স্প্ল্যাশ’, ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’, ‘দ্য গ্রিন মাইল’সহ আরও অনেক সফল ছবির অভিনেতা টম হ্যাঙ্কস। অথচ তিনি মনে করেন, নিজের অভিনীত ছবি বারবার দেখার বিষয়টি পাগলামি ছাড়া আর কিছুই না। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হাফিংটনপোস্ট।
এ প্রসঙ্গে ৫৭ বছর বয়সী এ তারকা অভিনেতার ভাষ্য, ‘আমি কখনোই আমার অভিনীত পুরোনো ছবি দেখি না। নিজের অভিনয় বারবার দেখার কোনো আগ্রহও নেই আমার মধ্যে। এটাকে পাগলামি বলেই মনে হয় আমার কাছে।’
টম আরও বলেন, ‘এখন পর্যন্ত আমার যতগুলো ছবি মুক্তি পেয়েছে, তার সবগুলোই একবার করে দেখেছি আমি। একই ছবি বারবার দেখার মধ্যে কোনো যুক্তি নেই। কারণ সেগুলো তো আর পরিবর্তিত হয় না।’
এদিকে, চলচ্চিত্রে অভিনয়ের বিনিময়ে বিপুল অঙ্কের পারিশ্রমিক পেলেও টম দাবি করেছেন, কখনোই অর্থের পেছনে ছোটেননি তিনি। টাকা-পয়সা তাঁর কাছে মোটেও গুরুত্বপূর্ণ বিষয় নয় বলেও জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে টমের ভাষ্য, ‘কাঁড়ি কাঁড়ি অর্থ উপার্জন কখনোই আমার লক্ষ্য ছিল না, এখনো নেই। এটা আমার কাছে মোটেও গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। ক্যারিয়ারের শুরুতে কাজের জন্য যে সামান্য পারিশ্রমিক পেতাম, এখনো সেই অঙ্কের পারিশ্রমিক পেলেই আমি খুশি। বিশ্বের সবচেয়ে বড় ও সুন্দর বাড়িতে বাস করেও কোনো লাভ নেই, যদি মনের শান্তি না থাকে।’