ঈদে মুক্তি পাচ্ছে আশরাফুর রহমান পরিচালিত তুমি আসবে বলে এবং শাহজাহান চৌধুরীর আত্মদান। ছবি দুটিতে অভিনয় করেছেন নিরব। কথা হলো তাঁর সঙ্গে।নতুন ছবি দুটি নিয়ে বলুন...তুমি আসবে বলে ছবিটি নিয়ে বেশ আশাবাদী আমরা। এই ছবিতে আমার সঙ্গে অভিনয় করেছেন নিপুণ, এজাজুল ইসলামসহ আরও অনেকে। পরিচালক ভীষণ খুঁতখুঁতে মানুষ, অনেক সময় নিয়ে ছবিটি বানিয়েছেন। আত্মদান ছবিটি সরকারি অনুদানে বানানো। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ের প্রেক্ষাপটে তৈরি। এতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা ও সাবেরী আলম।ঈদে ছোট পর্দায় দেখা যাবে আপনাকে?যাবে, তবে নাটকে নয়; অনেক টক শো, আড্ডা, ম্যাগাজিন অনুষ্ঠান করলাম। প্রায় প্রতিটি চ্যানেলেই যাবে এগুলো। এ ছাড়া এবারের ‘ইত্যাদি’তেও থাকছি আমি।ঈদের কেনাকাটা শেষ?আজও (বৃহস্পতিবার) শুটিং করছি! ফুরসত পাইনি একদম। তবে আম্মা এবং বাসার ছোটদের জন্য কেনাকাটা করতেই হবে। আশা করছি, শুক্রবারই কেনাকাটা শেষ করে ফেলব। আর এখন আগের মতো ঈদের সময় নিজের জন্য কেনাকাটা করার উত্তেজনা নেই।আপনার ব্যবসা কেমন চলছে?শুক্রাবাদে মেট্রো শপিংমলের চতুর্থ তলায় ‘ও হো’ নামের একটি ফ্যাশন হাউস উদ্বোধন করলাম এ মাসের ৩ তারিখ। বন্ধুরা মিলে এটি করেছি। বেশ ভালোই চলছে। মজাও হচ্ছে খুব। ক্রেতারা এসে জিজ্ঞেস করছেন, এই ড্রেসটা কি নিরব ভাইয়ের ডিজাইন করা? বন্ধুরা দুষ্টুমি করে বলে, ‘হ্যাঁ’!