
‘বারবার সফল হতে চাইলে বেছে নিতে হবে সঠিক সাবানটি। বিশ্বাস করো, আমি ডাভ ব্যবহার করি।’ এ হচ্ছে ডিজে খালেদের একটি মিম। স্নানঘর থেকে ছবিটি আপলোড করেছিলেন স্ন্যাপচ্যাটে। নিজের ছবিসংবলিত এ রকম শত শত মিম ইন্টারনেটে নিজেই ছড়িয়ে দিয়েছেন মার্কিন এই ডিস্ক জকি। ‘ফেসবুক সেলিব্রিটি’ ব্যাপারটার সঙ্গে হয়তো অনেকেই পরিচিত। সে রকম ডিজে খালেদ হচ্ছেন স্ন্যাপচ্যাট সেলিব্রিটি। এই নেটওয়ার্কে তিনি ‘অনুপ্রেরণা’ বিতরণ করেন।
হাসপাতালের বিছানা, স্নানঘর, মঞ্চ, স্টুডিও কিংবা সমুদ্রসৈকত—এমন কোনো জায়গা নেই যেখান থেকে তিনি মিম আপলোড করেন না। পাগলাটে এই সংগীত প্রযোজক ও ডিজে সম্প্রতি আলোচনায় এসেছেন তাঁর নবম অ্যালবাম ‘মেজর কি’-এর জন্য। বিলবোর্ডের টপ টু হান্ড্রেড অ্যালবামের শীর্ষে উঠে এসেছে সেটি। পেয়েছে দারুণ জনপ্রিয়তা। তাতে গেয়েছেন নতুন-পুরোনো মিলিয়ে একঝাঁক শিল্পী। সেই শিল্পীদের ছাপিয়ে খ্যাতির তকমা গিয়ে লেগেছে খালেদের গায়ে।
তরুণদের পরামর্শদাতা খালেদ একবার এক টিভি অনুষ্ঠানে হিলারি ক্লিনটনকেও বুদ্ধি দিলেন—কীভাবে ট্রাম্পকে হারাতে হবে? সেসব বুদ্ধির মধ্যে অন্যতম ছিল, আইটিউনসে গিয়ে তাঁর অ্যালবাম ‘মেজর কি’ আগাম অর্ডার করা। যেই অ্যালবামের মোড়কের জন্য খালেদ ছবি তুলেছেন একটি জলজ্যান্ত সিংহের সঙ্গে এবং তাৎক্ষণিকভাবে স্ন্যাপচ্যাটে তা জানিয়েছেন ভক্তদের। অ্যালবাম প্রকাশের আগে আরও কত কিছু যে তিনি করেছেন, সেসব বলে শেষ করা যাবে না।
একটি রেকর্ডিং প্রতিষ্ঠানে খালেদের চাকরিজীবন শুরু হয় ১৯৯৩ সালে। সে সময় লিল ওয়েন ও মাভাডোদের মতো তরুণদের সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করতেন তিনি। তখনো এই তরুণেরা তারকা হয়ে ওঠেননি। কিছুদিন পরে শুরু করলেন রেডিও অনুষ্ঠান। ক্রমেই সেগুলো আলোচিত হতে শুরু করে। একপর্যায়ে ১৯৯৮ সালে গড়ে তোলেন নিজের হিপ-হপ গানের দল ‘টেরর স্কোয়াড’। ২০০৬ সালে বের হয় প্রথম অ্যালবাম ‘লিসেন... দ্য অ্যালবাম’। সময় গড়াল, তিনি জিতে নিলেন বিইটি, বিইটি হিপহপ, গ্র্যামি, ওজোন অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার। সারাক্ষণ মিম ছড়ানো নিয়ে এক মজার মন্তব্য করেছেন এই ডিজে। বলেছেন, ‘নিজের গাছে নিজে পানি না ঢাললে, কেউ তোমার জন্য এই কাজটা করে দেবে না।’ ব্যাপারটা অনেকটা নিজের ঢোল নিজে পেটানোর মতো।
খালেদ তাঁর ক্যারিয়ারের সব থেকে আলোচিত কাজগুলো করেছেন যৌথভাবে। নিজের নয়টি অ্যালবামের প্রায় ৩১টি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী রিক রস। তাঁর যৌথ কর্মতালিকায় রয়েছেন ঝাঁক ঝাঁক শিল্পী। ‘মেজর কি’ অ্যালবামের ১৪টি গান গেয়েছেন জে জি, ফিউচার, ড্রেক, ন্যাস, কেনড্রিক ল্যামার, বিগ সিন, বেটি রিস্ট, জে কোল, ব্রেসন টিলার, নিকি মিনাজ, ক্রিস ব্রাউন, কোডাক ব্লাক, ফ্রেঞ্চ মনটানা, ইয়াং জেজি, রিক রস, ওয়াইজি, গুচ্চি মেনে, চাইঞ্জ, বুশতা রাইমস্, ফ্যাট জো, ফেবুলাস, লিল ওয়েন, ট্র্যাভিস স্কট, মেগান ট্রেইনর, উইজ খলিফা, ওয়েল ও মাভাডো। এত এত শিল্পীকে নিয়ে কোনো অ্যালবাম করলে সেটা কি সফল না হয়ে পারে?
রাসেল মাহমুদ
বিলবোর্ড, উইকিপিডিয়া অবলম্বনে