নিজের দেশেই শ্রেষ্ঠ কাজটা করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতেই সহজ হয়ে গেল আলাপটা। কার কবিতা ভালো লাগে জয়ার কাছে তা জানতে চাওয়ায় জীবনানন্দ দাশ, শহীদ কাদরী, শ্রীজাতের নাম এসে গেল। বোঝা গেল, আড্ডাটা জমবে। বসার ঘরটি ছিমছাম। লন্ডনের টাইমস স্কয়ারের পুরোনো একটি ছবি দেয়ালে। সোফা, টেবিল। বইয়ের একটি ছোট আলমারি। ছোট ভাস্কর্য, চায়ের কেটলি। আসবাবের বাহুল্য নেই। সম্প্রতি জয়া আহসান অভিনীত অরিন্দম শীলের ইগলের চোখ ছবিটি মুক্তি পেয়েছে ভারতে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শবর কাহিনির একটি এটি। অন্য ধরনের গোয়েন্দা এই শবর। মগজাস্ত্র ব্যবহার করেন ঠিকই, তবে যথেষ্ট মানবিক। এতটা উদার গোয়েন্দা পুরো গোয়েন্দা সাহিত্যে খুঁজে পাওয়া কঠিন। এ ছবিতে শিবাঙ্গী চরিত্রে অভিনয় করেছেন জয়া। সংলাপনির্ভর উপন্যাসটি পড়া থাকায় আমরা বুঝে যাই এই চরিত্রের গুরুত্ব। তবে জয়ার কণ্ঠে রহস্য, ‘চিত্রনাট্যের শেষে কিন্তু টুইস্টটা দারুণ।’

শুধুই সিনেমা
আপনি কি আর নাটকে ফিরবেন না? সবাই জানেন, একসময় টেলিভিশন নাটকে জয়ার ছিল অবাধ বিচরণ। টিভির পর্দা জয় করেছিলেন মেধা, পরিশ্রম, যোগ্যতা দিয়ে। কত যে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন! হঠাৎ করেই সিদ্ধান্ত নিলেন বড় পর্দায় কাজ করবেন। অনেকেই বলল, এ তো আত্মঘাতী সিদ্ধান্ত! আর্থিক দিক বিবেচনা করলে কথাটা মিথ্যে নয়। তবু জয়া ‘কঠিনেরে’ ভালোবাসলেন।
একসময় শক্তিশালী নির্মাতারা তৈরি করছিলেন নাটক। তাঁদের কেউ ছবি বানাবেন বলে, কেউ বিজ্ঞাপনচিত্র বানাবেন বলে সরে গেলেন। এরপর টেলিভিশন চ্যানেলের সংখ্যা বাড়ল যদিও, উন্নত হলো না নাটকের মান। বরং যেমন তেমন চিত্রনাট্য, যেমন তেমন পরিচালনা দিয়ে যা শুরু হলো, তাতে এই জগৎ থেকে সরে যাওয়াই মঙ্গলজনক মনে হলো জয়ার। এখন সিনেমা নিয়েই বেশ আছেন।

কথা বলতে বলতে এভাবেই জয়া আহসান ছড়িয়ে দেন হাসি। ছবি: সুমন ইউসুফ
কথা বলতে বলতে এভাবেই জয়া আহসান ছড়িয়ে দেন হাসি। ছবি: সুমন ইউসুফ

ব্যস্ততা: ঘরে-বাইরে
সব ছবিই যে মনমতো করতে পারছেন জয়া, তা তো নয়। কিন্তু অভিনয়ই যখন জীবন ও জীবিকা, তখন সব ধরনের ছবিতেই অভিনয় করতে হয়। ভালো ছবি হলে মন ভালো হয়, মন্দ ছবি পোড়ায় মন। কিন্তু এখন এ জগৎটাতেই নিশ্বাস নিতে পারছেন। আবর্ত, রাজকাহিনি, ইগলের চোখ করেছেন কলকাতায়, ডুবসাঁতার, পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি করেছেন ঢাকায়। দেশের ছবি খাঁচা, পেয়ারার সুবাস আছে মুক্তির অপেক্ষায়। বিউটি সার্কাস ছবিটাও হবে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ছবির রাস্তায় এখন জয়া দৃঢ়তার সঙ্গেই হাঁটতে পারছেন। চলচ্চিত্রের কথা বলতে গিয়ে আবেগ কি একটু ভর করল জয়ার কণ্ঠে? হ্যাঁ, এরপর যে কথা বললেন, তাতে দেশের প্রতি নিখাদ ভালোবাসাই প্রকাশ পেল। বললেন, ‘আমি নিজের দেশেই আমার শ্রেষ্ঠ কাজটা করতে চাই।’
অভিজ্ঞতা
‘বড় পরিচালকদের সঙ্গে কাজ করে দেখেছি, তাঁদের মাথা একেবারে পরিষ্কার। তাঁরা একেবারে শেষটা পর্যন্ত দেখতে পান। একটা বাড়তি শটও নেন না তাঁরা। ১০টায় শুটিং থাকলে সাড়ে আটটার মধ্যে পৌঁছাতে হবে, তৈরি হতে হবে। কলকাতার ছবিতে আমার অভিজ্ঞতা এমন। ‘কিন্তু আমাদের দেশে তা গড়ে ওঠেনি এখনো। এখানে কোনো অভিনেতা সময়মতো আসেননি বলে আমি নিজে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেছি। আমাদের এখানে প্রফেশনালিজমটা গড়ে উঠছে না। সময়ের কাজ সময়ে শুরু করা কঠিন। একটায় কাজ শুরু করার কথা থাকলে পাঁচটায় ক্যামেরা ওপেন হয়। সিস্টেমটাই তৈরি হয়নি।’

সোজা প্রশ্ন, সোজা জবাব
আমি ইউটিউবে নয়, সিনেমা হলে দেখতে চাই ইগলের চোখ। আপনি?
‘আমিও তা চাই। কিন্তু বিনিময়-ব্যবস্থাটা সে রকম হতে হবে। আমাদের এখান থেকে এমন কোনো ছবি নেওয়া উচিত, যা দেখার মতো। বিনিময়ের সময় আমাদের দেশের ভালো ছবিগুলোর কথাই ভাবতে হবে। আমাদের দেশের দর্শকখরার মাঠের মতো, যা দেবে তা-ই নিয়ে নেবে। ওদের দর্শকরুচি ভিন্ন রকম। এখন ওখানে মসলাদার ছবিও দেখে না দর্শক।

নিজের বাসার ছাদে জয়া আহসান
নিজের বাসার ছাদে জয়া আহসান

যে চরিত্রের জন্য অসহায় লোভ
‘সৌমিত্র চট্টোপাধ্যায় আর হুমায়ুন ফরীদি, দুজনকেই জিজ্ঞেস করেছিলাম, কোনো চরিত্রের প্রতি আকর্ষণ আছে কি? তাঁরা দুজনই বলেছিলেন, শেক্সপিয়ারের “কিং লিয়র” চরিত্রে অভিনয় করতে চান। সৌমিত্রের সেই স্বাদ পূর্ণ হয়েছে। হুমায়ুন ফরীদির হয়নি। জয়া, আপনার কি এমন কোনো চরিত্রের প্রতি লোভ আছে, যা করতে পারলে ভালো লাগত?’
জয়া বললেন, ‘ভীষণ লোভ আছে একটা চরিত্রের প্রতি। কিন্তু করতে পারব না কোনো দিন।’
‘কেন পারবেন না? সৌমিত্রও ভেবেছিলেন, কিং লিয়র আর করতে পারবেন না, কিন্তু করেছেন তো!’
‘না, আমি পারব না।’ জয়ার চোখে রহস্যময় হাসি। ‘আমার পছন্দের চরিত্র পোস্টমাস্টারের রতন। আমার বয়স আর পারমিট করবে না!’
আমরা সবাই এ কথা শোনার পর হো হো করে হাসতে থাকি। হাসি থামার পর তিনি বলেন, সত্যজিৎ রায়ের তিন কন্যা দেখার পর থেকেই রতন চরিত্রটা করার ইচ্ছে লালন করছিলেন। কিন্তু ‘হোলো না লো হলো না’।
‘যদি নোরা চরিত্রটি করতে হয়?’
‘করব।’
‘লেডি ম্যাকবেথ?’
‘অবশ্যই করব। যেকোনো চরিত্র, যাতে অভিনয়ের সুযোগ আছে, তাতে অভিনয় করতে চাই। যে জীবন যাপন করি, তার থেকে অনেক দূরের চরিত্রে অভিনয় করতে ইচ্ছে করে। অভিনয়জীবন মানে তো এক জীবনের মধ্যে বহু জীবন যাপন করা। এই আনন্দের জন্যই তো সবকিছু ছেড়েছুড়ে অভিনয় করি।’

শিল্পী হতে হলে
‘শিল্পী হওয়ার পথটা খুব বন্ধুর। শিল্পীর জীবনে সংগ্রাম থাকতে হবে। তাকে কষ্ট করে অর্জন করতে হবে। কষ্ট করে যা অর্জন করা যায়, তার মধ্যে প্রেম থাকে। পরিশ্রমের বিকল্প নেই। পরাজিত হওয়া চলবে না, ব্যর্থতার পথ বেয়েই সাফল্য আসবে। হাল ছেড়ে দেওয়া যাবে না।’

আশার আলো যেখানে
আমাদের চলচ্চিত্র নিয়ে কি স্বপ্ন দেখেন?
‘হঠাৎ করে একদিন আমাদের চলচ্চিত্রের সমস্যা কেটে যাবে না। ৩০ বছর আগে বাংলাদেশের ক্রিকেটের কী অবস্থা ছিল? বাংলাদেশ ব্যাটিং করছে, এই তো কিছুক্ষণের মধ্যে অলআউট হয়ে যাবে। এখন? বিকেএসপির মতো একটা প্রতিষ্ঠান তৈরি হলো। ছেলেদের প্রশিক্ষণ দেওয়া হলো। কোটি কোটি টাকা ব্যয় করা হলো। ওদের জিমের সুবিধা আছে, ওদের মনোবিজ্ঞানীদের দেখানো হয়, এই সমস্তের যোগফলের কারণেই না বাংলাদেশ আজ ক্রিকেটে একটা জায়গা করে নিয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও এ রকম কিছু করতে হবে। এ ছাড়া উপায় নেই। ফিল্ম ইনস্টিটিউট থেকে যে শিক্ষার্থীরা বের হবে, তারাই কিন্তু হাল ধরবে। তারা যখন স্ক্রিপ্ট লিখবে, ফিল্ম বানাবে, তখন চলচ্চিত্রে ইতিবাচক পরিবর্তন আসতে বাধ্য। সরকারি পলিসি এ জন্য খুব জরুরি।

জয়া যেমন
ভেবেছিলাম, আলাপ করার সময় তারকা জয়াকে দেখব। কিন্তু পুরোটা সময় সামনে একজন সহজ, সরল, মেকি গাম্ভীর্যহীন শিল্পীকেই দেখলাম। দেখলাম, শিল্পীর বিনয়। এই বিনয় আছে বলেই তিনি পাড়ি দিতে পারছেন বন্ধুর পথ।