নিজের পরিচয়েই পরিচিতি চান রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা ঋষি কাপুর ও মা নিতু সিংয়ের সঙ্গে রণবীর কাপুর
বাবা ঋষি কাপুর ও মা নিতু সিংয়ের সঙ্গে রণবীর কাপুর

তারকা সন্তানের পরিচিতি বয়ে বেড়ানোকে বোঝা বলেই মনে করেন বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের ছেলে রণবীর কাপুর। তাঁর মতে, তারকার সন্তান হওয়ায় নিজের পরিচয়ে পরিচিত হওয়ার কাজটি বেশ কষ্টসাধ্য। তার পরও এই কষ্টসাধ্য কাজে সফল হতে চান তিনি।

এ প্রসঙ্গে রণবীরের ভাষ্য, ‘আমি চাই, সবাই আমাকে আমার কাজ দিয়েই চিনুক। তারকার সন্তান পরিচিতি বয়ে বেড়াতে বেড়াতে আমি হাঁপিয়ে উঠেছি। এটা রীতিমতো বোঝা বলেই মনে হয় আমার কাছে। সবাই বলে, আমি নাকি খুব সহজেই সবকিছু পেয়ে গেছি। হ্যাঁ, প্রথম চলচ্চিত্রে কাজের সুযোগ আমি খুব সহজেই পেয়ে গিয়েছিলাম। কারণ, কাপুর পরিবারের উত্তরসূরি হওয়ায় আমাকে নিয়ে সবার ভেতর অনেক কৌতূহল ছিল।’

রণবীর আরও বলেন, ‘কিন্তু পরবর্তী সময়ে সাফল্য পাওয়ার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। অর্জন করতে হয়েছে নানা অভিজ্ঞতা। নিজের পরিচয়ে পরিচিত হওয়ার বিষয়টি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

বহু বছর ধরে কাপুর পরিবারের সদস্যরা চলচ্চিত্রশিল্পে কাজ করে যাচ্ছেন। রণবীরের দাদা বলিউডের প্রখ্যাত অভিনেতা রাজ কাপুর। রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নিতু সিং এখনো দাপটের সঙ্গে বলিউডে কাজ করে যাচ্ছেন। রণবীর বলেন, ‘আমি আমার নিজের মতো করে কাপুর পরিবারের ঝান্ডা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। কেউ রণবীর কাপুরের বাবা-মা ডাকলে আমার বাবা-মা অনেক গর্ব অনুভব করেন। পৃথিবীর সব মা-বাবাই এটা চান। আমার প্রত্যাশা, বাবা-মা যেন আমাকে নিয়ে অনেক গর্ব করতে পারেন।’

রণবীর অভিনীত ‘বেশরম’ ছবিটি মুক্তি পেয়েছে আজ ২ অক্টোবর। এই প্রথম একসঙ্গে একই ছবিতে অভিনয় করেছেন রণবীর ও তাঁর বাবা-মা। এতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন ঋষি কাপুর। ছবিতে ঋষি কাপুরের অভিনয় প্রসঙ্গে রণবীরের ভাষ্য, ‘বাবাকে দেখে আমি বুঝেছি, তারকাখ্যাতি হয়তো ফিকে হয়ে যায়, কিন্তু অভিনেতা পরিচয়টা কখনোই মুছে যায় না। এই বয়সেও অভিনয়ের প্রতি বাবার তীব্র মমতা ও উত্তেজনা আমাকে মুগ্ধ করে। আমার মতে, “বেশরম” ছবিতে অভিনয়ের মাধ্যমে বাবা তাঁর অভিনয়জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন।’