নিজের পরিচালনায় অতিথি চরিত্রে মাহফুজ
কোরবানির ঈদের জন্য একটি টেলিছবি নির্মাণ করলেন অভিনেতা মাহফুজ আহমেদ। ইকবাল হোসাইন চৌধুরীর লেখা এই টেলিছবিটির নাম ‘চন্দ্রাহত’। পরিচালনার পাশাপাশি এতে একটি অতিথি চরিত্রে অভিনয়ও করেছেন মাহফুজ আহমেদ। নিজের নাটকে এর আগে নিয়মিত অভিনয় করলেও এবারই প্রথম অতিথি চরিত্রে অভিনয় করলেন তিনি। মাহফুজ আহমেদ বলেন, ‘এবারই প্রথম নিজের পরিচালিত কোনো নাটকে অতিথি চরিত্র করলাম। পর্দায় স্বল্প সময়ের এ উপস্থিতিটা অনেক আনন্দময় মনে হয়েছে আমার কাছে। আরও একটা মজার ঘটনা, এই টেলিছবিতে আমার চরিত্রটির কোনো সংলাপ ছিল না। সব মিলিয়ে মনে রাখার মতো অভিজ্ঞতা।’ সুন্দরী মেয়ে সুমাইয়া শিমুর সঙ্গে অকর্মণ্য আর ভীষণ বোকাসোকা হাসান মাসুদের প্রেম নিয়ে চন্দ্রাহত টেলিছবির গল্প। এতে আরও অভিনয় করেছেন আফরান নিশো। পরিচালক সূত্রে জানা গেছে, চন্দ্রাহত টেলিছবিটি প্রচারিত হবে এবারের ঈদে এনটিভির বিশেষ অনুষ্ঠানমালায়।