নিজের মায়ের ভূমিকায় অভিনয় করবেন জোলি
হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মা মার্শেলাইন বারট্র্যান্ডকে নিয়ে আত্মজীবনীমূলক চলচ্চিত্র তৈরির পরিকল্পনা করছেন হলিউডের অভিনেতা ও প্রযোজক ব্র্যাড পিট। সবকিছু ঠিকঠাক এগোলে ছবিটিতে নিজের মায়ের চরিত্রে অভিনয় করবেন জোলি। চলচ্চিত্রটি প্রযোজনা করবে ব্র্যাড পিটের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘প্ল্যান বি’। ছবিটির কাজ শুরু হবে ২০১৪ সালে। তবে ছবিটি কবে নাগাদ মুক্তি দেওয়া হবে সে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস। জোলির মা মার্শেলাইন বারট্র্যান্ডও যুক্ত ছিলেন রুপালি জগতের সঙ্গে। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০৭ সালে ৫৬ বছর বয়সে মারা যান মার্কিন এ অভিনেত্রী। মানবকল্যাণ ও দাতব্য কাজের জন্য সুপরিচিত অ্যাঞ্জেলিনা জোলি। এই গুণটি তিনি পেয়েছিলেন মায়ের কাছ থেকেই। বেঁচে থাকতে মার্শেলাইন বারট্র্যান্ড বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘গিভ লাভ গিভ লাইফ’ প্রতিষ্ঠানের সূচনা করেছিলেন। এ ছাড়া আফগান নারী শরণার্থীদের জন্যও কাজ করেছেন তিনি।