নিজের হাতে রেঁধে খাই
রুপালি পর্দার মানুষেরও খাওয়া–দাওয়া নিয়ে আছে বিস্তর গল্প। তালিকায় আছে নানান পদের পছন্দের সব খাবার। এর মধ্যে অনেকেই মায়ের হাতের রান্না খেতে ভালোবাসেন আবার অনেকে নিজে বনে যান রঁাধুনি। তাই ঈদ উপলক্ষে তারকাদের খাওয়া–দাওয়া, পছন্দের খাবার এমনকি খাবার নিয়ে নানা ধরনের গল্প নিয়েই সাজানো হয়েছে আমাদের এবারের আনন্দ।
>

নাটক ও সিনেমার শুটিং, গানের স্টেজ শো ও ঘোরাফেরার কারণে হরহামেশাই দেশ ও দেশের বাইরের নানা প্রান্তে ছুটতে হয় অভিনয় ও গানের জগতের মানুষগুলোকে। ছোটাছুটির কারণে ভিন্ন ভিন্ন জায়গা থেকে নানান স্বাদের খাবার খাওয়ার অভিজ্ঞতা হয় তাঁদের। ঘরে ফিরে তাঁরা পছন্দের এসব খাবার বানানোর চেষ্টা করেন। কখনো পছন্দের রেসিপি তৈরি করতে গিয়ে ঘটেছে অনেক মজার ঘটনাও। গান ও অভিনয়জগতের কয়েকজন তারকার নিত্যনতুন খাবারের স্বাদ নেওয়ার গল্প এবং পছন্দের রেসিপি নিয়ে লিখেছেন মনজুর কাদের
জাহিদ হাসান
মায়ের হাতের বানানো দুধ–সেমাই ছিল অভিনয়শিল্পী জাহিদ হাসানের খুব পছন্দ। মায়ের আরেকটি রান্নাও তাঁর খুব পছন্দ। বললেন, ‘বাবা বাজার থেকে ইলিশ মাছ, পটোল, ছোট মাছ নিয়ে এলে মা পটোলের চামড়া, মাছের মাথা ফেলে না দিয়ে তা দিয়ে ভর্তা বানাতেন। খুব মজা লাগত। আমি যখন ঢাকায়, তখন মা আমার বাসায় বেড়াতে এলেন। মাকে বললাম, মা, আমাকে ওরকম করে ভর্তা বানিয়ে দাও না! মা ডেকে নিয়ে হেসে বললেন, ‘বাবা রে, তখন অভাবের সংসার ছিল, হাতেও অনেক জোর ছিল, এখন আর শত চেষ্টা করলেও বানাতে পারব না।’
একটা রেসিপি জাহিদ হাসানের খুব পছন্দ, তা হচ্ছে ভাতভাজি। এটি বানানো খুব সহজ, সময় পেলেই রান্না করেন তিনি। জাহিদ হাসানের রান্না করা ভাতভাজি তাঁর পরিবার ছাড়াও খেয়েছেন ববিতা, আলমগীর, রুনা লায়লা। জাহিদ বললেন, ‘সেবার আমরা আমেরিকা গিয়েছিলাম। মৌ ছাড়াও তাঁরা সবাই ছিলেন। দেশের বাইরের খাবার আমার পছন্দ না হওয়াতে হোটেলে বসে ভাতভাজি বানাতাম। আমার সেই ভাতভাজি সবাই মজা করে খেত।’ ভাতভাজি নিয়ে জাহিদ বলেন, ‘ভাতের মধ্যে হলুদ, ডিম, কিশমিশ, খেজুর দিয়ে দিই। এর ফলে ভাতটা একটু পানসে-মিষ্টি হয়। খেতে দারুণ লাগে। আমি তো আজও (সোমবার) দুপুরে ভাতভাজি খেলাম!’
জয়া আহসান
নতুন সব খাবারের স্বাদ নিতে নানা জায়গায় ঢুঁ মারেন অভিনয়শিল্পী জয়া আহসান। পছন্দের খাবারের স্বাদ নিতে মাকে নিয়ে জয়া ছুটেছেন ব্যাংককেও। দেশ-বিদেশের নানান পদের খাবারের স্বাদ নেওয়া জয়া আহসানের সাম্প্রতিক পছন্দের রেসিপি শুঁটকি রান্না। সোমবার দুপুরে আলাপে বললেন, ‘গতকালই আমার বাসায় একজন বন্ধু এসেছিল। আমি বাটা মসলা দিয়ে শুঁটকি রান্না করলাম। ছোটবেলায় দাদুকে দেখতাম, বাটা মসলা দিয়ে রান্না করতেন। কিন্তু এত বেশি মসলা দিলাম যে খেয়ে সবার কাহিল অবস্থা। আমি আবার ঝাল প্রচুর খাই।’
জানিয়ে দিলেন লইট্টা শুঁটকি রান্নার রেসিপিও। জয়া বললেন, লইট্টা শুঁটকি, আলু, বেগুন, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ বাটা, মরিচ বাটা, কাঁচা মরিচ, ধনে পাতা, লবণ, সয়াবিন তেল ও পানি পরিমাণমতো নিতে হবে। পাতিলে তেল গরম করে লবণ, পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। আদা ও রসুন দিয়ে আবারও ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তাতে আলু, বেগুন ও শুঁটকি দিয়ে দিন (শুঁটকি গরম পানিতে ধুয়ে নিতে হবে)। নাড়ুনি দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট পাঁচেক ভাজুন। এবার মরিচ ও হলুদ মিশিয়ে পরিমাণমতো গরম পানি দিন। ঢাকনা দিয়ে ঢেকে আগুনের আঁচ বাড়িয়ে আবার নাড়তে হবে। পানি শুকিয়ে যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ঝোল শুকিয়ে এলে আবার লবণ দিলে পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে।
ন্যান্সি
মায়ের হাতের রান্না করা দুধকচু ভীষণ পছন্দ সংগীতশিল্পী ন্যান্সির। মায়ের কাছ থেকে এই রান্না শিখলেও শত চেষ্টা সত্ত্বেও মায়ের মতো হয় না বলে জানান এই শিল্পী। ন্যান্সি বলেন, ‘প্রচুর রান্না করি। কিন্তু আম্মার রান্নার সেই স্বাদ আনতে পারিনি।’
দুধকচু রান্নাটা কীভাবে করেন জানতে চাইলে ন্যান্সি বলেন, ‘প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দেব। বাদামি রং হয়ে গেলে পেঁয়াজ বাটা, অল্প পরিমাণ আদা, রসুন ও জিরা বাটা, কাঁচা মরিচ আট-দশটা, কষানো হলে এখানে মাঝারি সাইজের চিংড়ি দিয়ে দেব। ঘন নারকেলের দুধ দিয়ে দেব। অল্প একটু টক দই দিতে পারেন কেউ। সবশেষে কচুর লতি ঢেলে দিয়ে ১৫ থেকে ২০ মিনিট চুলায় রাখলেই তৈরি হয়ে যাবে দুধকচু।’
কনা
কলকাতায় গেলেই নাকি পার্ক স্ট্রিটের পিটার ক্যাট দোকানের চেলো কাবাব কনার চাই-ই। দুলাভাইয়ের মাধ্যমে এই দোকানের খোঁজ পান তিনি। বললেন, ‘পার্ক স্ট্রিটের ওই দোকানের চেলো কাবাবের বেশ সুনাম। মোগল আমলের এই রেস্তোরাঁয় প্রচুর ভিড় থাকে। দাঁড়িয়ে থাকতে হয়। টেবিল খালি হলে বসি। পাঁচ বছর ধরে যতবারই যাই, আমি এটা খাই।’
কনা দেশীয় খাবার প্রায়ই বাসায় রান্না করার চেষ্টা করেন। খাসির ঝাল মাংস তাঁর প্রিয়। সময়-সুযোগ পেলেই কনা তা রান্না করেন। এক ফাঁকে জানিয়ে দিলেন খাসির ঝাল মাংস বানানোর রেসিপি। বললেন, এক কেজি খাসির মাংস কেটে ভালো করে ধুয়ে তাতে টক দই দিতে হবে। এরপর আদা, রসুন বাটা ও লবণ মাখিয়ে আরও ১৫ মিনিট রেখে দিতে হবে। পাতিলের গরম তেলে পেঁয়াজ কুচি ভেজে বাদামি করে এর মধ্যে আদা-রসুন বাটা ছাড়াও মরিচ, ধনে ও হলুদের গুঁড়া এবং এলাচি, দারুচিনি, তেজপাতা ও লবণ মিশিয়ে পরিমাণমতো পানি দিয়ে মসলা কষিয়ে নিতে হবে। সেদ্ধ করা আলু কষানোর পর মাংস দিতে হবে। সামান্য পানি দিয়ে সেদ্ধ করার পর তাতে জিরার গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে পাতিল ঢেকে দিতে হবে। ভুনা হলে নামিয়ে ইচ্ছেমতো পরিবেশন করা যাবে।
কোনাল
বাবা-মায়ের সঙ্গে কুয়েতে বেড়ে উঠেছেন সংগীতশিল্পী কোনাল। গানের কারণেই ২০০৯ সালে ঢাকায় আসেন। মামা-মামির সঙ্গে নানাবাড়িতে ওঠেন। আরব দেশের নানা পদের রান্নার অভিজ্ঞতা থাকলেও দেশে ফিরে এসে শিখে নেন দেশীয় রান্না। মা-ই তাঁকে সহযোগিতা করতেন।
কোনাল বলেন, ‘মায়ের হাতের সব খাবারই ভীষণ পছন্দ। লাবড়াটা একটু বেশি। দেশে ফিরে একদিন তা রান্না করতে ইচ্ছে হলো। মাকে ফোন করে বললাম, কীভাবে কী করব। কুয়েতে আবার ফোন বিল ছিল অনেক। দেখা যেত, কথা বলতে বলতে কখন যে ফোন কেটে যেত। মানে লাবড়ার খরচের চেয়ে আমার ফোনের বিলই হয়ে যেত কয়েক গুণ বেশি। এরপরও মায়ের কাছে শুনে খাবার বানানোর ব্যাপারটাই ছিল অন্য রকম।’
জানালেন লাবড়া বানানোর রেসিপি। কোনাল বলেন, শুরুতে পাতিলের মধ্যে গরম তেলে পেঁয়াজ, আদা-রসুনবাটা, এলাচি, দারুচিনি, হলুদ ও ধনে গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে কষাতে হবে। লবণ দিতে হবে পরিমাণমতো। তেল ভেসে উঠলে ডাল আর মরিচ দিয়ে দিতে হবে। ডাল আধা সেদ্ধ হলে পছন্দমতো মৌসুমি সবজি দিতে হবে। চিকেন স্টক দিয়ে ঢেকে দিতে হবে। সব সেদ্ধ হয়ে গেলে বেরেস্তা দিয়ে নেড়ে ঢেকে রাখতে হবে। তারপর ধনে পাতা দিয়ে উঠিয়ে নিতে হবে। তৈরি হয়ে যাবে লাবড়া।